প্রতিনিধিত্বমূলক ছবি।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের ছয় জেলা— উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে।
বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে। তার জেরে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। তবে কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। তবে মেঘলা আবহাওয়ার কারণে, আগামী দু’তিন দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে। তার পর রবিবার থেকে আবার সর্বোচ্চ তাপমাত্রা কমবে।
কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির আশপাশে থাকবে। তবে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ মার্চ পর্যন্ত আবহাওয়ার এই পরিস্থিতি জারি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও ওই সময়ে বৃষ্টি চলবে।