Bangladesh General Election 2026

মন্ত্রিত্ব নিয়ে তৎপর বিএনপি, এনসিপির ‘ছায়া মন্ত্রিসভা’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-র প্রাপ্ত ভোট ৪৯.৯৭ শতাংশ। বিপুল জয়ের পরে এ বার মন্ত্রিসভা কেমন হবে তা নিয়ে জোর তৎপরতা চলছে ধানের শিস শিবিরে। বিএনপি সূত্রের খবর, মন্ত্রিসভায় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ ও মেধাবীদেরও নেওয়া হতে পারে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৪
বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমান। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নির্বাচনে বিপুল জনসমর্থন পাওয়ার পরে সরকার গঠনের তোড়জোড় বিএনপি-র শিবিরে। দলের চেয়ারম্যান তারেক রহমানই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তাঁর মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছেন তা নিয়ে জোর চর্চা ওপার বাংলার রাজনীতিতে। এরই মধ্যে অন্যতম বিরোধী দল এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তাঁরা ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-র প্রাপ্ত ভোট ৪৯.৯৭ শতাংশ। বিপুল জয়ের পরে এ বার মন্ত্রিসভা কেমন হবে তা নিয়ে জোর তৎপরতা চলছে ধানের শিস শিবিরে। বিএনপি সূত্রের খবর, মন্ত্রিসভায় অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ ও মেধাবীদেরও নেওয়া হতে পারে। বিভিন্ন ধর্মের প্রতিনিধিত্ব থাকবে কিনা সে ব্যাপারেও বিবেচনা করা হচ্ছে। তারেক-ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, অভিজ্ঞ ও দক্ষ তারুণ্যের মিশ্রণে এ বারের মন্ত্রিসভা হবে। দলের প্রবীণ নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমদ, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় মন্ত্রী হতে পারেন বলে ঢাকায় জোরদার চর্চা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর নাম নিয়েও জোর আলোচনা চলছে বলে খবর। জাহিদ হোসেন বিএনপিপন্থী চিকিৎসক সংগঠনের নেতা এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের একজন ছিলেন। আবদুল আউয়াল মিন্টু কৃষি ও খাদ্যপ্রযুক্তি খাতের বড় উদ্যোক্তা হিসেবে দেশ-বিদেশে পরিচিত। মন্ত্রিসভায় বেশ কয়েকজন মহিলা সদস্যকে রাখার পরিকল্পনাও রয়েছে বলে বিএনপি সূত্র খবর। ওই সূত্রটি জানাচ্ছে, মন্ত্রিসভায় ১০-১৫ জন তরুণ মুখ থাকার সম্ভাবনা রয়েছে।

বিএনপি শিবির যখন মন্ত্রিসভা গঠন নিয়ে ব্যস্ত, তখন ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে এ বারের নির্বাচনে তারা তিন শতাংশের মতো ভোট পেয়েছে। সমাজমাধ্যমে আসিফ মাহমুদ লিখেছেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি’। এই মন্ত্রিসভা কী কাজ করবে, তার ব্যাখ্যাও দিয়েছেন এই এনসিপি নেতা। লিখেছেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সার্বিক কাজকর্মে ওয়াচডগ হিসেবে কাজ করবে এই ছায়া মন্ত্রিসভা’।

এ দিকে, রবিবার জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে করেন তারেক। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকার বসুন্ধরা এলাকায় জামাতে আমিরের বাড়িতে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্য দিকে, শফিকুর রহমানের সঙ্গে ছিলেন তাঁর দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আনন্দবাজারকে জামাত নেতা তাহের জানিয়েছেন, এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ। জামাত সূত্রের খবর, সংসদে বিরোধী দলনেতা হবে দলের আমির শফিকুর ইসলাম।

আরও পড়ুন