Pakistan

পণবন্দি সাত পাক সেনা, বন্দি বিনিময়ের প্রস্তাব বালোচদের

পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে বালোচ বিদ্রোহীরা। তাদের দাবি, পাকিস্তানের বিভিন্ন কারাগারে বন্দি বালোচদের নিঃশর্ত মুক্তি দিলে, তবেই পণবন্দি ওই সাত পাক সেনাকে ছাড়া হবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩১
পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ।

পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। —ফাইল চিত্র।

সার দিয়ে হাঁটু গেড়ে বসে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর সাত জওয়ান। তাঁদের ঘিরে রয়েছেন বালুচিস্তানের সশস্ত্র বিপ্লবীদের একাংশ। আপাতত পাকিস্তানের সমাজমাধ্যমে ভাইরাল এই ভিডিয়ো।

আর এই ভাইরাল হওয়া ভিডিয়োকে সামনে রেখেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকারকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে বালোচ বিদ্রোহীরা। তাদের দাবি, পাকিস্তানের বিভিন্ন কারাগারে বন্দি বালোচদের নিঃশর্ত মুক্তি দিলে, তবেই পণবন্দি ওই সাত পাক সেনাকে ছাড়া হবে। এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পাক সরকারকে সাত দিন সময় দিয়েছে বিদ্রোহীরা।

যদিও এমন পরিস্থিতিতে বালোচ বিদ্রোহীর উপর পাল্টা চাপ তৈরি করেছে পাক প্রশাসন। শাহবাজ় প্রশাসনের তরফে বিদ্রোহী বালোচদের জানানো হয়েছে, আগে সাত পাক সেনাকে মুক্তি দিতে হবে। তার পরই পাকিস্তানের জেলে বন্দি বালোচদের মুক্তি দেওয়ার পথে হাঁটবে ইসলামাবাদ। আজ ‘বালোচ লিবারেশন আর্মি’ তথা বিএলএ-এর তরফে মোট ১৭ জন পাক সেনাকে আটক করার কথা জানানো হয়েছে। যদিও পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আটক হওয়া মোট ১৭ জন পাক সেনার মধ্যে ইতিমধ্যেই ১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে বিদ্রোহী বালোচদের মুখপাত্র জিয়ান্দ বালোচ জানিয়েছেন, যে ১০ জন পাক সেনাকে মুক্তি দেওয়া হয়েছে তাঁরা জাতিগত ভাবে বালোচ। সেই কারণে তাঁদের কেবল সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন