Bangladesh Election 2026

খুলনায় বুথে ধস্তাধস্তি, বিএনপি নেতার মৃত্যু, অভিযুক্ত জামাত! গোপালগঞ্জে বিস্ফোরণে জখম তিন, নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা (বাংলাদেশের সময়ে) থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সকালের দিকে মোটের উপরে নির্বিঘ্নেই চলছিল ভোটপর্ব। দুপুর ১২টা পর্যন্ত সে দেশের ৩২,৭৮৯টি ভোটকেন্দ্রে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৭
বাংলাদেশ সেনা।

বাংলাদেশ সেনা। ছবি: রয়টার্স।

বাংলাদেশের খুলনায় ভোটকেন্দ্রে ধস্তাধস্তির সময়ে মৃত্যু হল এক বিএনপি নেতার। নিহতের নাম মহিবুজ্জামান কচি (৬০)। বৃহস্পতিবার সকালে তিনি ভোট দিতে গেলে, ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামী (যা বাংলাদেশে জামাত নামেই পরিচিত)-র কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময়েই জামাতের লোকেরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তাঁর মাথায় চোট লাগে। এবং, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিএনপি নেতার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে জামাত।

Advertisement

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা (বাংলাদেশের সময়ে) থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। সকালের দিকে মোটের উপরে নির্বিঘ্নেই চলছিল ভোটপর্ব। দুপুর ১২টা পর্যন্ত সে দেশের ৩২,৭৮৯টি ভোটকেন্দ্রে ৩২.৮৮ শতাংশ ভোট পড়েছে। তবে বেলা গড়াতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠে আসতে শুরু করে। গোপালগঞ্জে বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে। এক ভোটকেন্দ্রের অদূরে ককটেল বোমা ফাটানোর অভিযোগ ওঠে। বিস্ফোরণে শিশু-সহ তিন জন জখম হওয়ার খবর মিলেছে।

ওই ভোটকেন্দ্রে নির্বাচনের দায়িত্বে থাকা উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, সকাল থেকে শান্তিপূর্ণই ভোট চলছিল। এরই মধ্যে এক দল দুষ্কৃতী ভোটকেন্দ্র লাগোয়ো খালের উল্টো দিকে পার থেকে ককটেল বোমা ছোড়ে। ওই বিস্ফোরণে বাংলাদেশের আনসার বাহিনীর দুই সদস্য জখম হন। এক ভোটারের সঙ্গে আসা শিশুও জখম হয় বিস্ফোরণে। বস্তুত, এই গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতেই জন্ম শেখ হাসিনার। এক সময়ে আওয়ামী লীগের অন্যতম শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল গোপালগঞ্জ। ‘প্রথম আলো’ ছাড়াও বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সকালের দিকে জানায়, গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভাবে ভোট হলেও ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভাবে বেশ কম।

নির্বাচনের সকালে বাংলাদেশি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাধারণ জনতার উদ্দেশে অভয়বার্তা দিয়েছেন। তিনি বাংলাদেশি জনতার উদ্দেশে বলেন, “সকলকে অনুরোধ করব, আপনারা নির্ভয়ে বাড়ি থেকে বেরিয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোট দিন।” তবে বাস্তব পরিস্থিতি বলছে, বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ উঠে আসছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-২ এলাকাতেও এক ভোটকেন্দ্রে বাইরে দুই গোষ্ঠীর মারামারির অভিযোগ উঠেছে। বিক্ষিপ্ত গোলমালের খবর মিলেছে রাজশাহীতেও।

Advertisement
আরও পড়ুন