দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত।
তেহরানে মার্কিন হামলার পর পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরানও। পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। বিভিন্ন সংবাদসংস্থা জানাচ্ছে, ইরানের আক্রমণের হাত থেকে রেহাই পায়নি দুবাইও। যুদ্ধ পরিস্থিতির মাঝে তড়িঘড়ি খালি করে দেওয়া হয় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছেন, পাম জুমেইরাহ এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মনে করা হচ্ছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রই পড়েছে দুবাইয়ের ওই এলাকায়।
শুধু দুবাই নয়, সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) আবু ধাবিতেও হামলা চালিয়েছে ইরান। এ ছাড়াও, কাতারে দোহা এবং সৌদি আরবের রিয়াধেও ইরান বাহিনী হামলা চালিয়েছে। দুবাইয়ের বাসিন্দারা সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, তাঁরা বিকট বিস্ফোরণের শব্দ শুনছেন। দুবাইয়ের আকাশে ক্ষেপণাস্ত্রের আনাগোনাও দেখা যাচ্ছে।
শনিবার দুপুরের (ভারতীয় সময়) পর থেকে দুবাইয়ে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছিল। তার পর থেকে দফায় দফায় আরও বিস্ফোরণ ঘটে বলে খবর। দুবাই কর্তৃপক্ষ পাম জুমেইরাহ এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছেন। তাঁরা জানিয়েছেন, খবর পাওয়ামাত্রই তাঁদের জরুরি বিভাগ ঘটনাস্থলে পৌঁছোয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই হামলায় চার জন আহত হয়েছেন। তাঁদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে বলেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি, ভুয়ো খবরে প্রভাবিত না-হওয়ার বার্তাও দেওয়া হয়েছে।
আমেরিকা এবং ইজ়রায়েলের বাহিনী তেহরানে হামলার পরই গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে সামরিক উত্তেজনা। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকার সেনাছাউনি রয়েছে। সেই সেনাঘাঁটিগুলিকেই লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইরান। একই সঙ্গে আমেরিকার অন্তত ছয় বন্ধু দেশে হামলা শুরু হয়েছে।
আমিরশাহি ছাড়াও, কুয়েত, কাতার, বাহরিন, ইরাক, সৌদি আরব এবং জর্ডনে উত্তেজনা ছড়িয়েছে। শনিবার দুপুর থেকে একযোগে এই সব এলাকায় বিস্ফোরণের খবর মিলেছিল। যদিও সব দেশের প্রশাসনই তাদের বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, রাত পর্যন্ত কুয়েতের হাসপাতালে ১২ জন আহতকে ভর্তি করানো হয়েছে।
যুদ্ধ পরিস্থিতির মাঝে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাবিত হয়েছে বিমান পরিষেবা। ইরান আগেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বন্ধ ইজ়রায়েলের আকাশসীমাও। পরে রয়টার্স জানায়, সংযুক্ত আরব আমিরশাহি, বাহারিন, ইরাক, কুয়েত এবং কাতারও নিজেদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-সহ বিভিন্ন দেশের উড়ান সংস্থার পরিষেবা বিঘ্নিত হয়েছে। শুধু ভারতীয় উড়ান সংস্থা নয়, অন্যান্য দেশেরও একই ছবি। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর পাশাপাশি এয়ার ফ্রান্স, ব্রিটিশ এয়ারওয়েজ়, ইবেরিয়া এক্সপ্রেস, জাপান এয়ারলাইন্স, লুফথানসা, এলওটি এয়ারলাইন্স, নরউইজিয়ান এয়ারলাইন্স, তুর্কিশ এয়ারলাইন্স, ভার্জিন অ্যাটলান্টিক, এয়ার আলজিরি, স্ক্যানডেনেভিয়ান এয়ারলাইন্স, উইজ় এয়ার, পেগাসাস এয়ারলাইন্স, আইটিএ এয়ারওয়েজ়ের মতো উড়ান সংস্থাগুলি পশ্চিম এশিয়ার আকাশে বিমান চলাচল আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।