Iran-America

ইরান হামলায় আমেরিকার বিরোধিতা করে পাকিস্তানে ২৪ জনের মৃত্যু, বিক্ষোভ তুলতে বাড়ল কার্ফুর সময়, নামছে সেনা

বিক্ষোভকারীরা যাতে আমেরিকার দূতাবাসে ঢুকতে না পারে তার জন্য রবিবার থেকেই নিরাপত্তা জোরদার করেছে শাহবাজ় প্রশাসন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০২:২১
করাচিতে আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়।

করাচিতে আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। ছবি: রয়টার্স।

ইজ়রায়েল ও আমেরিকার যৌথ হানায় নিহত হয়েছেন আয়াতোল্লা আলি খামেনেই। তার পর থেকেই ‘প্রাণঘাতী’ বিক্ষোভ শুরু হয়েছে পাকিস্তানে। তা সামাল দিতে বেশ কয়েক জায়গায় এ বার তিন দিনের কার্ফু জারি করল ইসলামাবাদ। নামানো হচ্ছে সেনা।

Advertisement

রবিবারে বিক্ষোভের সময়ে বিক্ষোভকারী ও পাক নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। সরকারি বিবৃতি অনুযায়ী সোমবার ভোর হওয়ার আগে পর্যন্ত গিলগিট, শিগার, স্কার্দু জেলায় বিক্ষোভ সামাল দিতে আগেই কার্ফু জারি করা হয়েছিল। ওই জেলাগুলিতে বিক্ষোভকারী ও নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে এক আধিকারিক ও কমপক্ষে বারো জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আহত অনেকে।

বিক্ষোভকারীরা রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মূচি ও সামরিক পর্যবেক্ষক (ভারত ও পাকিস্তান) দফতরে হানা দেয়। শুধু তাই নয় বিক্ষোভের জেরে একটি বিদ্যালয়, সেবামূলক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে গিয়েছে থানাও। বিক্ষোভকারীরা যাতে আমেরিকার দূতাবাসে ঢুকতে না পারে তার জন্য রবিবার থেকেই নিরাপত্তা জোরদার করেছে শাহবাজ় প্রশাসন। করাচি ও লাহোরে আমেরিকান দূতাবাস থেকে ভিসা ও আমেরিকার নাগরিকেদের জন্য পরিষেবার কাজ স্থগিত রাখা হয়েছে। পোশোয়ারে আমেরিকার দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে জারি থাকছে জরুরি পরিষেবা। জানা গিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কারণেই এই পদক্ষেপ।

এই পরিস্থিতি সরকারের তরফে জানানো হয়েছে, অশান্ত অঞ্চলগুলিতে আগামী বুধবার পর্যন্ত কার্ফুর সময়সীমা বাড়ানো হল। ‘আইনশৃঙ্খলা’র অবনতি হয়েছে দাবি করে নাগরিকেদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন