Trump-Netanyahu on Iran

‘যুদ্ধবাজ প্রধানমন্ত্রী’! ইরানের সঙ্গে সমঝোতা ভেস্তে দিতে পারেন বলে গোয়েন্দারা সতর্ক করতেই বিবিকে খোঁচা ট্রাম্পের

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি এবং লেবাননে ইজ়রায়েলের হামলার প্রসঙ্গ উঠতেই সংবাদমাধ্যমের কাছে ট্রাম্প কার্যত কটাক্ষের সুরেই নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ’ বলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৪:০২
(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। (ডান দিকে) বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স।

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প। (ডান দিকে) বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স।

বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিবির (নেতানিয়াহুর ডাক নাম) প্রশংসাও শোনা গিয়েছে তাঁর কণ্ঠে। লেবাননে ইজ়রায়েলের ক্রমাগত হামলায় অসন্তুষ্ট ট্রাম্প। সেই বার্তা বার বারই দিয়েছেন তিনি। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই বিষয়টি নিয়ে যে মতবিরোধ চলছে, ট্রাম্প নানা সময়ে তাঁর বিভিন্ন মন্তব্যের মধ্যে দিয়েই তা বোঝাতে চেয়েছেন। এমনকি সম্প্রতি তিনি দাবিও করেছেন যে, আমেরিকা না থাকলে ইজ়রায়েলের কোনও অস্তিত্বই থাকত না। কিন্তু বিবিই তাঁর ঘনিষ্ঠ বন্ধু, তার পরেও ট্রাম্প প্রকাশ্যে তা স্বীকার করতে কুণ্ঠিত বোধ করেন না।

Advertisement

ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি এবং লেবাননে ইজ়রায়েলের হামলার প্রসঙ্গ উঠতেই সংবাদমাধ্যমের কাছে ট্রাম্প কার্যত কটাক্ষের সুরেই নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ’ বলেছেন। ইরানের বিরুদ্ধে আমেরিকার সঙ্গে ইজ়রায়েল কী ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়েছে, সেই প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘‘ইজ়রায়েলের সঙ্গে আমরা মিলিত ভাবে সামরিক অভিযান চালিয়েছি। ওদের (ইজ়রায়েল) সঙ্গে আমাদের সম্পর্ক যথেষ্ট ভাল। তবে বিবি কিন্তু যুদ্ধবাজ প্রধানমন্ত্রী। ওর নিজেকেও এটা স্বীকার করা উচিত।’’ প্রসঙ্গত, ইরানের সঙ্গে সমঝোতার বিষয়ে আমেরিকার সঙ্গে একমত হতে পারছিলেন না নেতানিয়াহু। মার্কিন প্রশাসনের কয়েকটি সূত্রের দাবি, গোয়েন্দারা সতর্ক করেছিলেন যে, ইরানের সঙ্গে সমঝোতা ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু। ঘটনাচক্রে, দেখা গিয়েছে ইরানের সঙ্গে যখন এক দিকে আমেরিকা সমঝোতাপত্র স্বাক্ষর করছিল, সেই সময়েই লেবাননে হামলা চালায় ইজ়রায়েল। শুধু তা-ই নয়, মার্কিন আপত্তি উপেক্ষা করেই এই হামলা চালানো হয়েছে বলে ওই সূত্রের দাবি।

তাই অনেকে মনে করছেন, এই প্রসঙ্গেই নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ প্রধানমন্ত্রী’ বলে কটাক্ষ করেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন, ‘‘আমাদের দু’জনের সম্পর্ক এমনিতেই খুব ভাল। তবে বিবিকে মাঝেমধ্যে একটু টেনে ধরে রাখার প্রয়োজন আছে বলে মনে করি।’’ তার পরই ট্রাম্প নেতানিয়াহুকে সেই প্রসঙ্গ টেনে যুদ্ধবাজ বলে কটাক্ষ করেছেন। মার্কিন প্রেসিডেন্টকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিলেন, তা হলে কি তিনি লেবাননে ইজ়রায়েলি হামলা বন্ধ করানো বিষয়ে কোনও পদক্ষেপ করবেন? ট্রাম্পের জবাব, ‘‘অবশ্যই। আমার প্রতি ওদের (ইজ়রায়েলের) আস্থা আছে। আমি যা বলব, ওরা সেটাই করবে।’’ ঘটনাচক্রে দেখা গিয়েছে, লেবাননে হামলা বন্ধ রাখার বিষয়ে নেতানিয়াহুকে বেশ কয়েক বার সতর্ক করেছিলেন ট্রাম্প। তাঁকে ‘বদ্ধ উন্মাদ’ বলেও ভর্ৎসনা করেন। এ বার নেতানিয়াহুকে ‘যুদ্ধবাজ’ও বললেন তিনি।

Advertisement
আরও পড়ুন