Donald Trump on Iran-Israel Conflict

‘নিঃশর্তে আত্মসমর্পণ করতে হবে ইরানকে’! দাবি ট্রাম্পের, তার পরে কী পদক্ষেপ, জানিয়ে দিলেন তা-ও

ইরানের পরে লেবাননেও হামলা চালাচ্ছে ইজ়রায়েল। সেই সঙ্গে তেহরানের একটি বাঙ্কারে একযোগে হামলা চালিয়েছে তাদের ৫০টি যুদ্ধবিমান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ২৩:১১
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, নিঃশর্তে আত্মসমর্পণ করতে হবে ইরানকে। তার পরেই প্রশ্ন উঠছে, তবে কি ইরানের সঙ্গে ইজ়রায়েল এবং আমেরিকার সংঘাতে ইতি পড়বে না! সমঝোতার পথ কি খুলবে না! কারণ, ভারত-সহ বেশ কয়েকটি দেশ কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সংঘাতে ইতি টানার কথা বলেছিল। ইরানের প্রেসিডেন্টও শুক্রবার জানান, কয়েকটি দেশ মধ্যস্থতাকারীর ভূমিকা নিচ্ছে। যদিও সে সব দেশের নাম প্রকাশ করেনি। তার পরেই জল্পনা শুরু হয়েছিল যে, এ বার হয়তো সংঘাতে ইতি পড়তে পারে। কিন্তু তার কয়েক ঘণ্টা পরে ট্রাম্পের মন্তব্যে সেই জল্পনায় জল পড়ল।

Advertisement

শুক্রবার ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, ‘নিঃশর্ত সমর্পণ না করলে ইরানের সঙ্গে কোনও চুক্তি নয়।’ সেখানেই থামেননি ট্রাম্প। তিনি লেখেন, ‘তার পরে এবং এক জন মহান গ্রহণযোগ্য নেতা বাছাইয়ের পরে আমরা ও আমাদের দারুণ সাহসী অংশীদার এবং জোটসঙ্গীরা ইরানকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করব। অর্থনৈতিক ভাবে শক্তিশালী করব, যা আগে কখনও ছিল না।’

ট্রাম্পের এই পোস্টের পরে অনেকেই মনে করছেন, ইরানের সঙ্গে সংঘাত থামাতে এখনই তৎপর নয় আমেরিকা। উল্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান সমঝোতার যে ইঙ্গিত দিয়েছিলেন, তা-ও আপাতত বিশ বাঁও জলে।

ইরানের পরে লেবাননেও হামলা চালাচ্ছে ইজ়রায়েল। সেই সঙ্গে তেহরানের একটি বাঙ্কারে একযোগে হামলা চালিয়েছে তাদের ৫০টি যুদ্ধবিমান। খামেনেই যে আবাসনে ছিলেন, তার ধ্বংসস্তূপের নীচেই ওই বাঙ্কার রয়েছে বলে দাবি ইজ়রায়েলের। ইজ়রায়েলি বায়ুসেনা জানিয়েছে, তেহরানের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে অসংখ্য বাঙ্কার। অত্যন্ত সুরক্ষিত সেই বাঙ্কারগুলিতে চিহ্নিত করা হয়েছে। এ বার সেগুলিকে নিশানা বানানো হবে বলে দাবি তাদের। দীর্ঘ সময় ধরে এই গোপন বাঙ্কারগুলির হালহকিকত জানতে ইজ়রায়েলি গোয়েন্দারা কাজ চালিয়ে যাচ্ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে একযোগে হামলা শুরু করেছে ইজ়রায়েল এবং আমেরিকা। তার পর থেকেই সামরিক সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া।

Advertisement
আরও পড়ুন