বিস্ফোরণের পর ঘটনাস্থলে মস্কো পুলিশ। মঙ্গলবার ভোরে মস্কোয়। ছবি: পিটিআই।
রাশিয়ার রাজধানী মস্কোয় আত্মঘাতী বিস্ফোরণ! মৃত্যু হল এক পুলিশকর্মীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে দু’জনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আততায়ীর। মঙ্গলবার ভোরের এই ঘটনায় তদন্ত শুরু করেছে রুশ গোয়েন্দা সংস্থাগুলি।
মঙ্গলবার ভোরে মস্কোর শহরতলি এলাকার সাভিলভস্কি রেলস্টেশনের কাছে দাঁড়়িয়েছিল ট্রাফিক পুলিশের একটি গাড়ি। ওই গাড়ির সামনে বিস্ফোরণ ঘটান আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত্যু হয় এক পুলিশ আধিকারিকেরও। আহত হন দু’জন।
এই ঘটনায় পুলিশের কাছে সবিস্তার রিপোর্ট চেয়েছে রাশিয়ার অভ্যন্তরীণ মন্ত্রক। রাশিয়ার তদন্ত কমিটি এখনও পর্যন্ত আততায়ীর নাম-পরিচয় প্রকাশ্যে আনেনি। বিস্ফোরণের নেপথ্যে কী কারণ ছিল, তা-ও এখনও স্পষ্ট নয়।
ঘটনাচক্রে, মঙ্গলবারই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চার বছর পূর্ণ হতে চলেছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সকাল ৬টায় সরকারি টেলিভিশন চ্যানেলে জাতির উদ্দেশে বক্তৃতায় ইউক্রেনের বিরুদ্ধে ‘সামরিক অভিযানের’ কথা ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের ‘নির্দিষ্ট ৭০টি লক্ষ্যে’ ক্রুজ় ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়েছিল রুশ বাহিনী। পরবর্তী ধাপে শুরু হয়েছিল স্থলপথে অভিযানও। সেই সংঘাত এখনও থামেনি। উল্টে ইউক্রেনে আরও সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পুতিন।
এর আগে গত ডিসেম্বর মাসে দক্ষিণ মস্কোয় একটি বিস্ফোরণে রাশিয়ার দুই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়েছিল। পুলিশের গাড়ির কাছে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তাঁরা বাধা দিতে গিয়েছিলেন। সেই সময়েই বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় ওই দুই পুলিশ আধিকারিকের।