Nepal Helicopter Crash

অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে দু’টুকরো হল হেলিকপ্টার, যাত্রী ছিলেন পাঁচ জন, নেপালের পাহাড়ি গ্রামে দুর্ঘটনা

খোটাং জেলা প্রশাসনের শীর্ষকর্তা রেখা খান্ডেল জানিয়েছেন, হেলিকপ্টারে পাঁচ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ৫১ মিনিটে সেটি দুর্ঘটনার শিকার হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৬:৩৭
হেলিকপ্টার দুর্ঘটনার সেই মুহূর্ত। ছবি: সংগৃহীত।

হেলিকপ্টার দুর্ঘটনার সেই মুহূর্ত। ছবি: সংগৃহীত।

নেপালের একটি পাহাড়ি গ্রামে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হল হেলিকপ্টার। পাহাড়ের কোলে বানানো হেলিপ্যাড ছুঁয়েও সেটি নিয়ন্ত্রণ হারায়। তার পর গোত্তা খেয়ে পড়ে দু’টুকরো হয়ে যায়। তবে কপ্টারের ভিতরে থাকা সকল যাত্রীই বরাতজোরে বেঁচে গিয়েছেন। এক যাত্রীর পায়ে সামান্য আঘাত লেগেছে।

Advertisement

জানা গিয়েছে, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে খোটাং জেলায় অবতরণ করছিল। দ্য এয়ার ডায়নাস্টি সংস্থার সেই কপ্টারে করে এক জনের মরদেহ নিয়ে আসা হচ্ছিল। একটি খেতের মধ্যে হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। নেপালের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের দাবি, অবতরণের সময় প্রচুর ধুলো উড়ছিল। হাওয়ার গতিবেগও যথেষ্ট ছিল। ফলে পাইলট কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক চক্কর কাটার পরই গোত্তা খেয়ে পড়ে দু’টুকরো হয়ে যায়। হেলিকপ্টারে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি পাহাড়ি গ্রাম। পাহাড়ের ধাপে বানানো রয়েছে একটি অস্থায়ী হেলিপ্যাড। একটি হেলিকপ্টার ওই হেলিপ্যাডে অবতরণ করে। কিন্তু পরক্ষণেই সেটি নিয়ন্ত্রণ হারায়। নেপালের অসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন, কী ভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। খোটাং জেলা প্রশাসনের শীর্ষকর্তা রেখা খান্ডেল জানিয়েছেন, হেলিকপ্টারে পাঁচ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ৫১ মিনিটে সেটি দুর্ঘটনার শিকার হয়। তবে এই দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি। এক যাত্রী সামান্য আহত হয়েছেন।

Advertisement
আরও পড়ুন