Explosion At Texas Oil Refinery

ভয়াবহ বিস্ফোরণ আমেরিকার টেক্সাসের তৈল শোধনাগারে! কোনও হামলা না কি দুর্ঘটনা, কী বলছে প্রশাসন

বিস্ফোরণের পর পরই তৈল শোধনাগার থেকে আগুনের গোলা এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এই ঘটনায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১০:৫৬
টেক্সাসে তৈল শোধনাগারে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।

টেক্সাসে তৈল শোধনাগারে বিস্ফোরণ। ছবি: সংগৃহীত।

আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ তৈল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ হল। পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের এলাকা। বিস্ফোরণের পর পরই তৈল শোধনাগার থেকে আগুনের গোলা এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এই ঘটনায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, টেক্সাসের তৈল শোধনাগারে স্থানীয় সময় সোমবার রাতে বিস্ফোরণ হয়। পোর্ট আর্থারের কাছে এই তৈল শোধনাগারে প্রতি দিন ৩ লক্ষ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেলের পরিশোধনের কাজ চলে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, পোর্ট আর্থার, গ্রোভস এবং নেডারল্যান্ডে তার প্রভাব পড়ে।

এই বিস্ফোরণের পর পরই ওই তিন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে স্থানীয় সংবাদামাধ্যমগুলির প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা এখনও স্পষ্ট নয়। পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের আবহে টেক্সাসের এই তৈল শোধনাগারে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক বেড়েছে। পাশাপাশি বাড়তে শুরু করেছে জল্পনাও। তা হলে কি কোনও হামলা হল এই শোধনাগারে? না কি নিছকই একটি দুর্ঘটনা। যদিও এ বিষয়ে তৈল শোধনাগার কর্তৃপক্ষের তরফ থকে কোনও বিবৃতি জারি করা হয়নি। প্রশাসনের এক সূত্র মনে করছে, এটি একটি দুর্ঘটনা। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

ইরানের বিরুদ্ধে ইজ়রায়েল এবং আমেরিকা একযোগে সামরিক অভিযান চালাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের শক্তিকেন্দ্রগুলিতে হামলা চালানো হবে। যদিও আপাতত সেই সিদ্ধান্ত পাঁচ দিনের জন্য স্থগিত রেখেছে। তবে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে আমেরিকার শক্তিকেন্দ্রগুলিতে তারাও হামলা চালাবে। এই হুমকি এবং পাল্টা হুমকি এবং পশ্চিম এশিয়ায় এই সামরিক সংঘাতের আবহে টেক্সাসে আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ তৈল শোধনাগারে বিস্ফোরণ জল্পনাকে আরও উস্কে দিয়েছে।

Advertisement
আরও পড়ুন