IPL 2026

চাকরি পেলেন রিঙ্কু! আইপিএলে নামার আগে বড় দায়িত্ব দেওয়া হল কেকেআরের ব্যাটারকে

২৮ মার্চ থেকে শুরু এ বারের আইপিএল। ২৯ মার্চ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নামবেন রিঙ্কু সিংহ। তার আগে বড় দায়িত্ব পেলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১২:১৮
cricket

রিঙ্কু সিংহ। —ফাইল চিত্র।

উত্তরপ্রদেশ সরকার চাকরি দিল রিঙ্কু সিংহকে। কয়েক দিন পরেই আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে নামবেন তিনি। তার আগে এই দায়িত্ব দেওয়া হল রিঙ্কুকে।

Advertisement

উত্তরপ্রদেশ সরকারের ‘রিজিওনাল স্পোর্টস অফিসার’ করা হয়েছে রিঙ্কুকে। চলতি মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন রিঙ্কু। ভারতীয় দলে রিঙ্কুর ভাল খেলার পুরস্কার হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। তবে আপাতত সামনে আইপিএল থাকায় এখনই নতুন দায়িত্ব নিতে পারবেন না তিনি। আইপিএল শেষে নতুন পদে যোগ দেবেন রিঙ্কু।

তবে বিশ্বকাপের মাঝে জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে রিঙ্কুকে। পিতৃবিয়োগ হয়েছে তাঁর। বিশ্বকাপের মাঝেই বাবার শেষকৃত্যে যোগ দিতে বাড়ি ফিরেছিলেন রিঙ্কু। আবার ফিরে যান দলে। বিশ্বকাপ জিতে সেই ট্রফি বাবাকে উৎসর্গ করেছেন তিনি।

আপাতত কলকাতায় কেকেআর শিবিরে রয়েছেন রিঙ্কু। দলের সঙ্গে আইপিএলের প্রস্তুতি শুরু করেছেন। ইতিমধ্যেই দু’টি প্রস্তুতি ম্যাচ খেলেছেন তিনি। ভাল ছন্দে রয়েছেন। এ বারের আইপিএলে কলকাতার দলে অনেক বদল হয়েছে। ফলে রিঙ্কুকে মিডল অর্ডারে বেশি দায়িত্ব নিতে হবে। তারই প্রস্তুতি নিচ্ছেন বাঁহাতি ব্যাটার।

ভারতের হয়ে ভাল খেলার পুরস্কার বেশ কয়েক জন ক্রীড়াবিদকে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতের হকি দলের সদস্য রাজকুমার পালকে পুলিশের ডিএসপি করা হয়েছে। প্যারালিম্পিক্সে হাই জাম্পে সোনাজয়ী প্রবীন কুমারকেও ডিএসপি করা হয়েছে। সেই প্রতিযোগিতায় জ্যাভলিনে রুপোজয়ী অজিত সিংহকে করা হয়েছে জেলা পঞ্চায়েত রাজ অফিসার। একই পদ পেয়েছেন প্যারালিম্পিক্সে ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জজয়ী সিমরন। সেই প্রতিযোগিতায় ১০০ ও ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জজয়ী প্রীতিপালকে বিডিও পদে নিযুক্ত করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন