Pakistan Super League 2026

যুদ্ধ, জঙ্গি হুমকির মাঝে পাকিস্তান সুপার লিগে কি খেলতে যাবেন বাংলাদেশের ক্রিকেটারেরা? সিদ্ধান্ত জানিয়ে দিল বোর্ড

সমস্যায় পড়েছে পাকিস্তান সুপার লিগ। এই পরিস্থিতিতে সেখানে তাদের ক্রিকেটারদের পাঠানো হবে কি না, সেই সিদ্ধান্ত নিয়ে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১১:৫২
cricket

বাংলাদেশের ছয় ক্রিকেটার রয়েছেন পাকিস্তান সুপার লিগে। —ফাইল চিত্র।

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ। শেষপর্যন্ত প্রতিযোগিতা বয়কট করে তারা। সমস্যায় পড়েছে পাকিস্তান সুপার লিগও। যুদ্ধের প্রভাব পড়েছে লিগে। বিদেশি ক্রিকেটারদের হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। এই পরিস্থিতিতে সেখানে তাদের ক্রিকেটারদের পাঠানো হবে কি না, সেই সিদ্ধান্ত নিয়ে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

২৬ মার্চ থেকে শুরু হচ্ছে পিএসএল। সেখানে ক্রিকেটারদের খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ। একটি বিবৃতিতে সে দেশের বোর্ড বলেছে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তান সুপার লিগে ক্রিকেটারদের যোগ দেওয়ার বিষয়ে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছে। তার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পাকিস্তানের মাটিতে খেলতে গেলে নিরাপত্তার কোনও সমস্যা হবে না। ইসলামাবাদে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও কথা বলা হয়েছে। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আরও বলেছে, “নিরাপত্তার আশঙ্কা না থাকায় ক্রিকেটারেরা নিশ্চিন্তে পাকিস্তানে খেলতে যাবে। ক্রিকেটারদের সুরক্ষার দিকে বাংলাদেশ বোর্ডের নজর রয়েছে। প্রতি মুহূর্তে পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।”

পাকিস্তান সুপার লিগে বাংলাদেশের মোট ছ’জন ক্রিকেটার খেলছেন। লাহৌর কলন্দর্সে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন, পেশোয়ার জ়ালমিতে শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিদ হাসান তামিম এবং রাওয়ালপিন্ডি পিন্ডিজ়ে রয়েছেন রিশাদ হোসেন। এই ছয় ক্রিকেটারকে ইতিমধ্যেই ছাড়পত্র (এনওসি) দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পশ্চিম এশিয়া যুদ্ধের কারণে জ্বালানি সঙ্কট দেখা গিয়েছে। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, প্রতিযোগিতা ছয় শহরের বদলে দুই শহরে হবে। দর্শকশূন্য স্টেডিয়ামে হবে খেলা।

তার মাঝেই এসেছে জঙ্গি হুমকি। ‘তেহরিক ই তালিবান পাকিস্তান’-এর নেতা জামাত উল আহরার ‘দ্য সানডে গার্ডিয়ান’-কে বলেছেন, “আমরা বিশ্বের বাকি সব ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিতে চাই। দয়া করে আপনাদের দেশের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ খেলতে পাঠাবেন না। যদি কারও সঙ্গে কিছু হয়, তা হলে আমাদের কোনও দায় থাকবে না। খেলতে এলে বিপদ হবে।” আহরার স্পষ্ট করে দিয়েছেন, কিছুতেই যাতে পাকিস্তান সুপার লিগ না হয়, সেটা নিশ্চিত করবেন তাঁরা। আহরার বলেন, “যাতে পাকিস্তান সুপার লিগ না হয়, তার সব চেষ্টা আমরা করব। সেই কারণে ক্রিকেটারদেরও সতর্ক করা হচ্ছে। কেউ খেলতে আসবেন না।”

পাকিস্তান সুপার লিগে এ বার খেলা বিদেশি ক্রিকেটারদের মধ্যে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো তারকা রয়েছেন। ওয়ার্নার করাচি কিংসের অধিনায়ক। স্মিথ রয়েছেন মুলতান সুলতানসে। তা ছাড়া মার্নাস লাবুশেন, মইন আলি, ডেভন কনওয়ে, অ্যাডাম জ়াম্পার মতো ক্রিকেটারও রয়েছেন এ বারের লিগে। তাঁদের প্রত্যেককে সতর্ক করেছেন আহরার। তবে তার মাঝেই সেখানে ক্রিকেটারদের পাঠাচ্ছে বাংলাদেশ।

Advertisement
আরও পড়ুন