ICC Ranking

আইসিসির ক্রমতালিকায় কোহলিকে টপকে গেলেন শুভমন, জায়গা ধরে রাখলেন রোহিত, টেস্টে শীর্ষে রুট

আইসিসির এক দিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় ভারতীয় দলের অধিনায়ক উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। শুভমন গিল টপকে গিয়েছেন বিরাট কোহলিকে। টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে জো রুট।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০১:২৪
picture of cricket

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং শুভমন গিল (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিরাট কোহলিকে টপকে গেলেন শুভমন গিল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) এক দিনের ক্রিকেটের ব্যাটারদের ক্রমতালিকায় ভারতীয় দলের অধিনায়ক উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। জায়গা ধরে রেখেছেন রোহিত শর্মা।

Advertisement

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে ৩-০ ব্যবধানে জয়ের পর সুফল পেলেন ভারতীয় ক্রিকেটারেরা। চোটের জন্য এই সিরিজ়ে খেলতে পারেননি কোহলি। সেই সুযোগ কাজে লাগিয়েছেন শুভমন। তিন ম্যাচে ২৩৮ রান করে তিন ধাপ এগিয়ে আইসিসির ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। শুভমনের রেটিং ৭৯১। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছেন কোহলি। তাঁর রেটিং ৭৬৮। আগের মতোই চতুর্থ স্থানে রোহিত। তাঁর রেটিং ৭৫৪। এই তালিকায় শীর্ষে রয়েছেন নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল। কিউয়ি ব্যাটারের রেটিং ৮১৫। পাঁচ নম্বরে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জ়াদরান। তিন ধাপ নেমে গিয়েছেন তিনি। জ়াদরানের রেটিং ৭১২। দু’ধাপ পিছিয়ে প্রথম বাইরে চলে গিয়েছেন লোকেশ রাহুল। ৬৫১ রেটিং নিয়ে তিনি এখন ১১ নম্বরে। এক ধাপ এগিয়েছেন শ্রেয়স আয়ার। ৬৩৮ রেটিং নিয়ে তিনি রয়েছেন ১৪ নম্বরে। ২১ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে চলে এসেছেন ঈশান কিশন।

ক্রমতালিকায় লাভবান হয়েছেন ভারতের বোলারেরাও। ৬১৪ রেটিং নিয়ে সাত নম্বরে কুলদীপ যাদব। ১৬ ধাপ এগিয়ে ২২ নম্বরে উঠে এসেছেন অর্শদীপ সিংহ। তাঁর রেটিং ৫৩৬। ৩৪ ধাপ এগিয়ে ৫৮ নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর রেটিং ৪৫০। ওয়াশিংটন সুন্দর ১৭ ধাপ এগিয়ে ৬১ নম্বরে রয়েছেন। তাঁর রেটিং ৪৪৬।

টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছেন জো রুট। দু’ধাপ এগিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। রুটের রেটিং ৮৭১। এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে হ্যারি ব্রুক। তাঁর রেটিং ৮৬৬। তিন নম্বরে ট্র্যাভিস হেড। তিনিও এক ধাপ পিছিয়েছেন। রেটিং ৮৫৩। ভারতীয়দের মধ্যে সবচেয়ে ভাল জায়গায় রয়েছেন শুভমন। ৭৪৩ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছেন। ৭৩৩ রেটিং নিয়ে আট নম্বরে যশস্বী জয়সওয়াল।

টেস্ট বোলারদের ক্রমতালিকায় জসপ্রীত বুমরাহকে ধরে ফেলেছেন নিউ জ়িল্যান্ডের ম্যাট হেনরি। ৮৭০ রেটিং নিয়ে যুগ্ম ভাবে শীর্ষে রয়েছেন দু’জনে। ইংল্যান্ডের বিরুদ্ধে সাফল্য হেনরিকে ছ’ধাপ তুলে এনেছে। এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তাঁর রেটিং ৮৩৮। প্রথম ১০-এ আর কোনও ভারতীয় নেই।

Advertisement
আরও পড়ুন