Iran-US Conflict

‘শুনছি উনি বেঁচে নেই!’ ইরানের সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেই কোথায়? প্রশ্নের জবাবে নতুন দাবি ট্রাম্পের, দিলেন হুঁশিয়ারিও

ট্রাম্পই শুক্রবার দাবি করেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা হয়তো বেঁচে আছেন। তবে স্বাভাবিক এবং সুস্থ ভাবে নয়। এই দাবির কয়েক ঘণ্টা পরই আবার উল্টো সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ১১:০৩
(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজ়তবা খামেনেই (ডান দিকে)। ছবি: রয়টার্স।

(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজ়তবা খামেনেই (ডান দিকে)। ছবি: রয়টার্স।

মোজ়তবা খামেনেই কি আদৌ বেঁচে আছেন? পশ্চিম এশিয়ার সামরিক সংঘাতের প্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সম্পর্কে এমনই প্রশ্ন এবং জল্পনা জোরালো হতে শুরু করেছে। সেই জল্পনাকে আরও উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

এক সাক্ষাৎকারে তাঁকে ইরানের সর্বোচ্চ নেতাকে নিয়ে প্রশ্ন করতেই ট্রাম্প দাবি করেন, ‘‘শুনলাম উনি বেঁচে নেই।’’ তিনি আরও বলেন, ‘‘ওঁকে এখন আর সরাসরি কেউ দেখাতেও পারছেন না। শুনেছি উনি আর বেঁচে নেই। যদি বেঁচেই থাকেন, তা হলে আশা করি নিজের দেশকে বাঁচাতে দারুণ কিছু একটা করবেন।’’ এর পরই হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘‘আত্মসমর্পণ ছাড়া ইরানের হাতে আর কোনও রাস্তা নেই।’’

ঘটনাচক্রে, ট্রাম্পই শুক্রবার দাবি করেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা হয়তো বেঁচে আছেন। তবে স্বাভাবিক এবং সুস্থ ভাবে নয়। এই দাবির কয়েক ঘণ্টা পরই আবার উল্টো সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠে। এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার ট্রাম্পকে পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন ট্রাম্প দাবি করেন, তিনি শুনেছেন যে, মোজ়তবা বেঁচে নেই। ইতিমধ্যেই আমেরিকার বিদেশ দফতরের তরফে মোজ়তবা-সহ ইরানের বেশ কয়েক জন প্রশাসনিক এবং সামরিক কর্তা সম্পর্কে কেউ তথ্য দিলে তাঁকে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। মোজ়তবার মাথার দাম ধার্য করা হয়েছে ১ কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৯২.৪৭ কোটি)।

ট্রাম্প দাবি করেন, তেহরান এই সামরিক সংঘাত থামানোর জন্য আগ্রহ দেখিয়েছে। কিন্তু ওদের ভূমিকায় তিনি খুব একটা সন্তুষ্ট নন। ট্রাম্পের কথায়, ‘‘ইরান সমঝোতা করার জন্য রাজি হয়েছে। কিন্তু পরিস্থিতি যা, তাতে এখন তাদের সঙ্গে সমঝোতা করার কোনও প্রশ্নই ওঠে না।’’ তবে ইরানকে যে নতজানু করিয়েই ছাড়া হবে, সেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, আয়াতোল্লা আলি খামেনেই মার্কিন এবং ইজ়রায়েলি হামলায় নিহত হওয়ার পর ইরানের রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা করে, নতুন সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব নিচ্ছেন মোজ়তবা খামেনেই। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রকাশ্যে মোজ়তবাকে দেখা যায়নি। তার পর থেকেই জল্পনা জোরালো হতে শুরু করে আয়াতোল্লা খামেনেইয়ের উপর যে হামলা হয়, সেই হামলাতে গুরুতর জখম হয়েছেন নতুন সর্বোচ্চ নেতা। এক সূত্রকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম সিএনএন দাবি করে, মোজ়তবার পায়ে গুরুতর চোট। এ ছাড়াও শরীরের অন্যান্য জায়গাতেও আঘাত লেগেছে। তাঁকে নিয়ে যখন জল্পনা তুঙ্গে, মোজ়তবা ঘোষণা করেন, ‘‘আমাদের শহিদদের রক্ত ব্যর্থ হতে দেব না।’’ সঙ্গে হুঁশিয়ারি দেন, হরমুজ় প্রণালীকে অবরুদ্ধ করা হবে। উপসাগরীয় দেশগুলির মধ্যে যারা আমেরিকাকে সাহায্য করবে, তাদের উপরই হামলা হবে।

তার পরেও মোজ়তবাকে নিয়ে ধোঁয়াশা কাটেনি। কেন তিনি প্রকাশ্যে আসছেন না, তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

Advertisement
আরও পড়ুন