US Iran Conflict

মজা করার জন্য আরও কয়েক বার খার্গে হামলা চালাতে পারি! ইরানকে ব্যঙ্গ ট্রাম্পের, যুদ্ধ নিয়ে সমঝোতা না করার কী যুক্তি?

শুক্রবার রাতে মার্কিন বাহিনী খার্গে পর পর বোমা ফেলে। ট্রাম্প দাবি করেছিলেন, এমন হামলা পশ্চিম এশিয়ার ইতিহাসে আগে কখনও হয়নি। এ বার তাঁর দাবি, মজার ছলে আরও হামলা চালাতে পারে আমেরিকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৯:০৪
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

শুধু মজা করার জন্যই আরও কয়েক বার ইরানের তেলের প্রধান ঘাঁটি খার্গ দ্বীপে হামলা চালাতে পারে আমেরিকা। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতেই মার্কিন বাহিনী খার্গে পর পর বোমা ফেলে। ট্রাম্প সমাজমাধ্যমে দাবি করেছিলেন, এমন হামলা পশ্চিম এশিয়ার ইতিহাসে আগে কখনও হয়নি। তবে খার্গে তেলের ভান্ডারগুলিকে বাঁচিয়ে রাখা হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। এর পরেই ইরানের তরফ থেকে পাল্টা হুঙ্কার আসে। পশ্চিম এশিয়ার একাধিক দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রত্যাঘাত করেছে তেহরান। তার মধ্যেই শনিবার শত্রুকে ব্যঙ্গ করলেন ট্রাম্প।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ়কে ট্রাম্প বলেছেন, ‘‘আমরা শুধু মজার ছলেই আরও কয়েক বার খার্গ আক্রমণ করতে পারি।’’ ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে কেন এখনও সমঝোতা সম্ভব হল না? ট্রাম্পের দাবি, তেহরান চুক্তির জন্য প্রস্তুত। তারা যুদ্ধবিরতিই চাইছে। কিন্তু তাদের দেওয়া শর্তগুলি এখনও তাঁর পুরোপুরি পছন্দ হয়নি। ট্রাম্পের কথায়, ‘‘শর্তগুলো এখনও তেমন ভাল হয়নি।’’

খার্গে বোমাবর্ষণের পর ট্রাম্প দাবি করেছিলেন, ওই দ্বীপটিতে অবস্থিত ইরানের সামরিক ঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই এর পর হুঁশিয়ারি দেন। জানান, আমেরিকাকে পশ্চিম এশিয়ার যে সমস্ত দেশ সাহায্য করছে, তাদের তৈলভান্ডার গুঁড়িয়ে দেবে তেহরান। তার পরেও অবশ্য কোনও পক্ষ সুর নরম করেনি। ট্রাম্প জানিয়ে দেন, তেহরান যে সমঝোতা চাইছে, তাতে কোনও ভাবেই আমেরিকা রাজি হবে না।

কী শর্ত দিচ্ছে ইরান? কেমন সমঝোতা তারা চাইছে? সংবাদসংস্থা রয়টার্স সূত্র উল্লেখ করে জানিয়েছে, ইজ়রায়েল এবং আমেরিকার কাছ থেকে স্থায়ী যুদ্ধবিরতির প্রতিশ্রুতি চায় তেহরান। বলা হয়েছে, আকাশপথে আর কোনও হামলা চালানো যাবে না ইরানের উপর। সেই সঙ্গে যুদ্ধবিরতির শর্ত মেনে ক্ষতিপূরণও দাবি করছে তারা। আমেরিকা এই শর্ত মানতে নারাজ। এমনকি, ট্রাম্প কূটনৈতিক আলোচনায় আগ্রহীই নন। তিনি ইরানে আরও হামলার পরিকল্পনা করে চলেছেন। সেই মতো নিজের বাহিনীকে নির্দেশ দিচ্ছেন। একাধিক দেশের মধ্যস্থতার প্রস্তাবও তাই ফিরিয়ে দিয়েছে হোয়াইট হাউস।

আমেরিকা-ইজ়রায়েলের হামলার প্রতিশোধ নিতে পশ্চিম এশিয়ার তেল ও গ্যাস পরিবহণের একমাত্র পথ হরমুজ় প্রণালীতে পণ্যবাহী জাহাজের যাতায়াতে বাধা সৃষ্টি করছে ইরান। তাদের রেভলিউশনারি গার্ড বাহিনীর অনুমতি ছাড়া কোনও জাহাজকে সেখান দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। এর ফলে বিশ্ব জুড়ে জ্বালানির জোগান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্প এই সমস্যার সমাধানের জন্য পশ্চিম এশিয়ার মিত্র দেশগুলিকে হরমুজ়ে রণতরী পাঠানোর আহ্বান জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন