ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ-মার্কিন ঘাঁটি নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
আমেরিকা যা ভেবেছিল, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি তার চেয়েও বেশি? পশ্চিম এশিয়া পেরিয়ে তাদের দু’টি ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ-মার্কিন ঘাঁটি দিয়েগো গ্রাসিয়াকে নিশানা করার পর তেমনটাই মনে করছেন অনেকে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সূত্র উল্লেখ করে এই তথ্য জানিয়েছে। তাদের রিপোর্টে দাবি, দিয়েগো গ্রাসিয়া লক্ষ্য করে পর পর দু’টি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ওই ঘাঁটি ইরান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে। ইরানের যে এত দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করার ক্ষমতা রয়েছে, তা মার্কিন বাহিনীর ধারণার বাইরে ছিল বলে দাবি।
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি অবশ্য একটিও লক্ষ্যে আঘাত হানতে পারেনি। রিপোর্টে দাবি, প্রথম ক্ষেপণাস্ত্রটি মাঝপথেই ব্যর্থ হয়। দ্বিতীয়টি দিয়েগো গ্রাসিয়ার দিকে ধেয়ে আসার সময় একটি মার্কিন রণতরী থেকে তার দিকে গোলাবর্ষণ করা হয়। ফলে সেটি ধ্বংস হয়েছে। তেহরান এত দিন যা দাবি করে এসেছিল, এই হামলা তার পরিপন্থী। চার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা তাদের আছে বলে ইরান কখনও মানতে চায়নি। গত মাসেও সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছিলেন, দু’হাজার কিলোমিটার দূরে আঘাতে সক্ষম তাঁদের ক্ষেপণাস্ত্র। এর বেশি শক্তি বৃদ্ধি ইরান করেনি।
ইজ়রায়েলের সামরিক প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা তিন হাজার কিলোমিটারের কাছাকাছি। তবে এর চেয়েও শক্তিশালী অস্ত্র তারা বানাচ্ছে বলে ইজ়রায়েল দাবি করেছিল। দিয়েগো গ্রাসিয়ার ঘটনায় সেই শঙ্কাই মান্যতা পেল।
ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন ঘাঁটি দিয়েগো গ্রাসিয়া। ছবি: সংগৃহীত।
ভারত মহাসাগরের ব্রিটিশ ভূখণ্ডে অবস্থিত দিয়েগো গ্রাসিয়া। এটি একটি কৌশলগত ঘাঁটি, যেখান থেকে আমেরিকা বম্বার, পারমাণবিক অস্ত্রবাহী ডুবোজাহাজ এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার বিভিন্ন আধুনিক অস্ত্রশস্ত্র পরিচালনা করে থাকে। দ্বীপটি মরিশাস সরকারকে লিজ়ে দেওয়ার বিষয়ে ব্রিটিশ সরকার কথাবার্তা চালাচ্ছে। যদিও এই প্রস্তাবের বিরোধিতা করেছে আমেরিকা। তার মধ্যেই ইরানের নিশানায় চলে এল দিয়েগো গ্রাসিয়া।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরান আক্রমণ করেছিল। তার পর থেকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে। ওই অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তার ফলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার, ওমান, বাহরিনের মতো দেশগুলিতে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র বর্ষিত হচ্ছে। তবে এত দিন তা পশ্চিম এশিয়াতেই সীমাবদ্ধ ছিল। এ বার ভারত মহাসাগর পর্যন্ত চলে এল ইরানের হুমকি।