US-Iran Conflict

পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছেই! ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, বিদ্যুৎকেন্দ্র ছাড়া অন্যত্র হানা চলবে, বলল আমেরিকা

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই ইজ়রায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইজ়রায়েলের সামরিক বাহিনী অধিকাংশ হামলা প্রতিহত করতে পারলেও রাজধানী তেল আভিভে ইরানের হামলায় ছ’জন আহত হয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৬:৫৩
ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হানা ইরানের।

ইজ়রায়েলে ক্ষেপণাস্ত্র হানা ইরানের। ছবি: রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ইরানের সঙ্গে আমেরিকার ফলপ্রসূ আলোচনা চলছে। তার পরেও অবশ্য পশ্চিম এশিয়ায় সংঘাত থামানোর লক্ষণ নেই। বরং সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই ইজ়রায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ইজ়রায়েলের সামরিক বাহিনী অধিকাংশ হামলা প্রতিহত করতে পারলেও রাজধানী তেল আভিভে ইরানের হামলায় ছ’জন আহত হয়েছেন।

Advertisement

এই পরিস্থিতিতে আমেরিকা জানিয়েছে, ইরানের বিদ্যুৎক্ষেত্র বাদ দিয়ে অন্যত্র হামলা অব্যাহত থাকবে। সংবাদমাধ্যম ‘সেমাফর’ মার্কিন আধিকারিকদের উদ্ধৃত করে জানিয়েছে, পাঁচ দিনের জন্য কেবল ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে হামলা না-চালানোর কথা বলা হয়েছে। সামরিক ঘাঁটিগুলিতে যে হামলা অব্যাহত থাকবে, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবারই ট্রাম্প সমাজমাধ্যমে দাবি করেছিলেন, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার আলোচনা চলছে। প্রাথমিক পর্বে আলোচনা খুব ভাল এবং ফলপ্রসূ হচ্ছে বলেও দাবি করেন তিনি। জানান, এই আলোচনার গতি এবং ফলাফলের উপরেই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। এ কথা ঘোষণা করে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিকে ধ্বংস করার হুঁশিয়ারি থেকে কিছুটা পিছিয়ে আসেন তিনি। ঘোষণা করেন, আগামী পাঁচ দিন ইরানের কোনও বিদ্যুৎকেন্দ্রে হামলা করবে না আমেরিকা।

ট্রাম্পের প্রতিশ্রুতির পরেও ইসফাহানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। সে দেশের আধাসরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসফাহান প্রদেশ এবং খোরমশহরের দক্ষিণ-পশ্চিমে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজ়রায়েল। ইরানের এই দাবি নিয়ে অবশ্য মুখ খোলেনি আমেরিকা বা ইজ়রায়েল। দুই দেশের কেউই এই হামলার দায় স্বীকার করেনি।

Advertisement
আরও পড়ুন