US Iran Tensions

সংঘর্ষ থামানোর জন্য মানতে হবে তিন দফা শর্ত! ঘোষণা ইরানের, ট্রাম্প আভাস দিতেই অবস্থান স্পষ্ট করল তেহরান

সংঘর্ষ শুরুর প্রাথমিক পর্বে ট্রাম্প দাবি করেছিলেন, এই সমস্যা অন্তত এক মাস ধরে চলতে পারে। তবে আমেরিকা যে ইরানের বিরুদ্ধে সংঘর্ষ আর বেশি দিন টানতে চাইছে না, সেই আভাস গত কয়েক দিন ধরেই মিলেছে ট্রাম্পের মন্তব্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ০৯:৫৭
(বাঁ দিকে) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

সংঘর্ষ থামানোর জন্য এ বার তিন দফা শর্তের কথা জানিয়ে দিল ইরান। তেহরানের দাবি, এই সংঘর্ষ শুরু করেছে আমেরিকা এবং ইজ়রায়েল। এখন সংঘর্ষ থামাতে হলে তিন দফা শর্ত পূরণের কথা বলেছে ইরান। তাদের দাবি, ইরানকে তার ‘ন্যায্য অধিকার’ থেকে বঞ্চিত করা যাবে না। ইরানের যে ক্ষতি হয়েছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে তেহরানের দাবি, আমেরিকা এবং ইজ়রায়েলকে এটি নিশ্চিত করতে হবে যে তারা আগামী দিনে ইরানে আর আক্রমণ করবে না।

Advertisement

সংঘর্ষ থেমে যাওয়ার পরে ইজ়রায়েল আবার ইরানের উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে তেহরান। ‘ব্লুমবার্গ’-এর এক প্রতিবেদনে এমনটাই জানানো হচ্ছে। আগামী দিনে কোনও পরিস্থিতিই যাতে আমেরিকা বা ইজ়রায়েলি বাহিনী তাদের উপর আক্রমণ না করে, তা নিশ্চিত করতে চাইছে ইরান। সংঘর্ষ বিরতির শর্ত হিসাবে আমেরিকার কাছ থেকে সেই প্রতিশ্রুতিই চাইছে তারা। তবে আমেরিকা তাদের এমন কোনও প্রতিশ্রুতি দিতে চাইছে কি না, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এই দাবি মানার জন্য ইজ়রায়েলকেও কতটা জোর দিতে পারবে আমেরিকা, সেটিও প্রাথমিক ভাবে অস্পষ্ট।

বুধবার রাতেই সংঘর্ষ বিরতির তিন শর্তের কথা সমাজমাধ্যমে পোস্ট করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। তাঁর বক্তব্য, সংঘর্ষ থামানোর একমাত্র উপায় হল— ইরানের ন্যায্য অধিকার নিশ্চিত করা, ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতেও আর আক্রমণ না করার প্রতিশ্রুতি দেওয়া। পেজ়েশকিয়ানের এই বার্তার পরে আমেরিকা এবং ইজ়রায়েল সরকারের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ‘ব্লুমবার্গ’। তবে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

সংঘর্ষ শুরুর প্রাথমিক পর্বে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, এই পরিস্থিতি অন্তত এক মাস ধরে চলতে পারে। তবে আমেরিকা যে ইরানের বিরুদ্ধে সংঘর্ষ আর বেশি দিন টানতে চাইছে না, তা গত কয়েক দিন ধরেই ট্রাম্পের মন্তব্যে উঠে এসেছে। বুধবার তা আরও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, “ইরানে যুদ্ধ শীঘ্রই শেষ হবে।” একই সঙ্গে ট্রাম্পের এ-ও দাবি করেন, ‘‘সংঘর্ষ খুব ভাল চলছে। আমরা সময়ের চেয়ে অনেকটা এগিয়ে আছি। যতটা ভেবেছিলাম, তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি করতে পেরেছি।’’

যদিও গত দেড় সপ্তাহের বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে আমেরিকারও যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত মার্কিন বাহিনীর অন্তত ছ’জন নিহত হওয়ার খবর মিলেছে। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে আমেরিকার অন্তত ১৭টি সামরিক এবং অসামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি নিউ ইয়র্ক টাইম্‌স-এর। এ অবস্থায় ট্রাম্পের সংঘর্ষ থামানোর ইঙ্গিত এবং পেজ়েশকিয়ানের তিন দফা শর্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন