US-Iran Conflict

স্পেনের প্রেসিডেন্টের যুদ্ধবিরোধী বার্তা ক্ষেপণাস্ত্রে সেঁটে দিল ইরান! ছুড়ে মারল ইজ়রায়েলকে লক্ষ্য করে

ইরান-ইজ়রায়েল দ্বন্দ্বে জড়িয়ে গেল স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজ়ের নামও। ক্ষেপণাস্ত্রে সেঁটে দেওয়া বার্তায় স্পেনের প্রেসিডেন্টের নাম এবং তাঁর যুদ্ধবিরোধী মন্তব্যকে লিখে দিয়েছে ইরান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১২:৩৩
ক্ষেপণাস্ত্র পাঠিয়ে ইজ়রায়েলকে যুদ্ধবিরোধী বার্তা দিল ইরান।

ক্ষেপণাস্ত্র পাঠিয়ে ইজ়রায়েলকে যুদ্ধবিরোধী বার্তা দিল ইরান। ছবি: সংগৃহীত।

ক্ষেপণাস্ত্র পাঠিয়ে ইজ়রায়েলকে যুদ্ধবিরোধী বার্তা দিল ইরান! দুই দেশের দ্বন্দ্বে জড়িয়ে গেল স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজ়ের নামও। ক্ষেপণাস্ত্রে সেঁটে দেওয়া বার্তায় স্পেনের প্রেসিডেন্টের নাম এবং তাঁর যুদ্ধবিরোধী মন্তব্যকে লিখে দিয়েছে ইরান। ধন্যবাদও জানিয়েছে স্যাঞ্চেজ়কে।

Advertisement

রবিবার যুদ্ধবিরোধী এই বার্তা সংবলিত ক্ষেপণাস্ত্র ইজ়রায়েলের দিকে ছোড়ে ইরান। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করার আগের মুহূর্তের ছবি প্রকাশ করেছে ইরানের সংবাদমাধ্যমগুলি। সেখানে দেখা যাচ্ছে, ইরানের রেভোলিউশনারি গার্ড কোরের সদস্যেরা স্পেনের প্রেসিডেন্টের ছবি দেওয়া একটি পোস্টার সেঁটে দিচ্ছেন। সেই পোস্টারে ইংরেজি এবং পারসিক ভাষায় স্যাঞ্চেজ়ের উদ্দেশে লেখা হয়েছে, “ঠিকই বলেছেন, এই যুদ্ধ কেবল অবৈধই নয়, অমানবিকও বটে। প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ।”

সংবাদসংস্থা ‘মেহর’-এর তরফে প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ক্ষেপণাস্ত্রটির গায়ে এই পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে। যদিও এই ছবি বা ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ক্ষেপণাস্ত্রটি আদৌ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, না কি ইজ়রায়েলি বাহিনী তাকে ধ্বংস করেছে, তা-ও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পরেই শান্তির বার্তা দিয়েছিলেন স্পেনের প্রেসিডেন্ট। ইউরোপের অন্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের থেকে খানিক স্বতন্ত্র অবস্থান নিয়ে তিনি বলেছিলেন, “যুদ্ধে না বলুন।” সম্প্রতি স্যাঞ্চেজ় আমেরিকাকে স্পেনের দু’টি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেননি। তার পরেই স্পেনকে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দেন।

ক্ষেপণাস্ত্রে বার্তা লিখে তা শত্রুদেশে পাঠানো বিরল হলেও অভূতপূর্ব নয়। গত মাসেই ইরানের সরকারি সংবাদমাধ্যম দেখিয়েছিল, আমেরিকা এবং ইজ়রায়েল-বিরোধী স্লোগান ক্ষেপণাস্ত্রের গায়ে লিখে দেওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে, মার্কিন সেনা পশ্চিম এশিয়া না-ছাড়লে ইরান হামলা চালিয়ে যাবে।

Advertisement
আরও পড়ুন