West Asia Issues

যুদ্ধ নিয়ে ব্রিকসের বিবৃতি চায় ইরান, চাপ ভারতকে

ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক ফোনালাপে ব্রিকস প্রসঙ্গ এসেছে। ব্রিকস সম্মেলনের বয়ানে যাতে আমেরিকা এবং ইজ়রায়েলকে আগ্রাসনের জন্য নিন্দা করা হয় সেই মর্মে জয়শঙ্করকে চাপ দিয়েছেন আরাঘচি, এমনটাই সূত্রের খবর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০৯:১৫

—প্রতীকী চিত্র।

আগে এক বার চেষ্টা করেও সাফল্য আসেনি। মে মাসের আগে যাতে ব্রিকসভুক্ত রাষ্ট্রগুলির পক্ষ থেকে পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে যৌথ বিবৃতি তৈরি করা সম্ভব হয় সে জন্য ওই আন্তর্জাতিক গোষ্ঠীর এ বারের সভাপতি রাষ্ট্র ভারতের উপরে পরোক্ষে চাপ তৈরি করছে ইরান। কূটনৈতিক সূত্রের বক্তব্য, আগামী মে মাসে ব্রিকসভুক্ত রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলন হওয়ার কথা নয়াদিল্লিতে। তখন যৌথ বিবৃতি তৈরি করে আমেরিকা এবং ইজ়রায়েলের আগ্রাসনের নিন্দা করতে চাইছে ব্রিকস-এর নতুন সদস্য তেহরান। কিন্তু সমস্যা হল ইরানের সঙ্গে যুযুধান সৌদি আরবও ব্রিকস–এর সদস্য, যে দেশে আমেরিকার ঘাঁটির উপরে গোলাবর্ষণ করেচলেছে ইরান।

ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইজ়মায়েল বাকে আজ পশ্চিম এশিয়ার অশান্তিতে পাকিস্তানের মধ্যস্থতা নিয়ে প্রশ্নের উত্তরে তাৎপর্যপূর্ণ ভাবে বলেছেন, “এটা স্বাভাবিক কোনও রাষ্ট্রে সংঘাত বা যুদ্ধ শুরু হলে সেই অঞ্চলের রাষ্ট্রগুলির সে দিকে নজর ঘুরবে। তারা যে সমবেত ভাবে পরিস্থিতি শান্ত করতে চাইবে সেটাও অস্বাভাবিক নয়। কিন্তু কোন দিক থেকে প্রথম হামলা শুরু হয়েছিল তা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে তাদের দেখতে হবে। একতরফা বিচার করলে চলবে না।” বার্তা স্পষ্ট। ইরানের পক্ষ থেকে ভারতকে বলা হচ্ছে আক্রমণ যে তেল আভিভ ও ওয়াশিংটনের তরফে শুরু হয়েছিল তা স্পষ্ট ভাবে বলা হোক।

ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক ফোনালাপে ব্রিকস প্রসঙ্গ এসেছে। ব্রিকস সম্মেলনের বয়ানে যাতে আমেরিকা এবং ইজ়রায়েলকে আগ্রাসনের জন্য নিন্দা করা হয় সেই মর্মে জয়শঙ্করকে চাপ দিয়েছেন আরাঘচি, এমনটাই সূত্রের খবর। সূত্রের খবর, আরাঘচি ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের নিন্দা করার জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক মঞ্চ এবং সংস্থাগুলির প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল জানিয়েছেন, “আপনারা জানেন ব্রিকস-এর কিছু সদস্য সরাসরি ভাবে এই সংঘাতে যুক্ত আর তাই বিভিন্ন রকম মতামত তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের পক্ষে কোনও ঐকমত্যে পৌঁছনো খুবই কঠিনএকটি বিষয়।”

উপসাগরীয় আরব রাষ্ট্রগুলিতে থাকেন বহু ভারতীয়। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৮ জন ভারতীয় এই সংঘাতে নিহত হয়েছেন। আজ তেহরানের বিমানবন্দরে একটি ইরানি বিমান আমেরিকান হানায় ক্ষতিগ্রস্ত হয়। ত্রাণ সংগ্রহের জন্য সেটির দিল্লি আসার কথা ছিল।

আরও পড়ুন