—প্রতিনিধিত্বমূলক ছবি।
হরমুজ় প্রণালীতে আবার তেলবাহী জাহাজে হামলা করল ইরান। সোমবার প্রণালী হয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই তেল ও রাসায়নিকবাহী জাহাজটিকে নিশানা করে ইরানের উপকূলরক্ষী বাহিনী গুলি চালায় বলে অভিযোগ।
আফ্রিকার দেশ টোগোর পতাকাবাহী ওই জাহাজটিতে ১৭ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন বলে কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। প্রসঙ্গত, এর আগেও তেহরানের অনুমতি ছাড়াই হরমুজ় প্রণালী দিয়ে অগ্রসর হওয়ার ‘অপরাধে’ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের বাহিনী।
মার্কিন প্রেডিসেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করার পরেও হামলায় ইতি টানেনি ইরান। এ বার তাদের নিশানায় এমটি শিরন-৭ নামের জাহাজটি। গত ২৫ এপ্রিল জাহাজটি ওমানের শিনাস আউটার বন্দরের কাছ দিয়ে যাওয়ার সময় ইরানি উপকূলরক্ষীদের নিশানায় হয় বলে সোমবার জানিয়েছেন কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহণ ও জলপথ মন্ত্রকের মুখপাত্র মনদীপ সিংহ রণধাওয়া। তিনি বলেন, ‘‘সব ভারতীয় নাবিক নিরাপদ রয়েছেন এবং কোনও ভারতীয় পতাকাবাহী জাহাজ আক্রান্ত হয়নি।’’