Iran Student Protest

ইরানে ছাত্রবিক্ষোভ! দেশের পতাকা নিয়ে রাস্তায় শ’য়ে শ’য়ে পড়ুয়া, খামেনেইয়ের বিরুদ্ধে ক্ষোভ একের পর এক প্রতিষ্ঠানে

শনিবার থেকে ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন সেমেস্টার শুরু হয়েছে। আর প্রথম দিনেই শাসকবিরোধী স্বর ছড়িয়ে পড়ল একের পর এক বিশ্ববিদ্যালয়ে। রবিবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৮
শনিবার স্পেনের বার্সেলোনায় প্রবাসী ইরানিদের বিক্ষোভ।

শনিবার স্পেনের বার্সেলোনায় প্রবাসী ইরানিদের বিক্ষোভ। ছবি: রয়টার্স।

ইরানে ফের ছড়াচ্ছে বিক্ষোভ। সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন পড়ুয়ারা। শনিবার থেকে শুরু হয়েছে এই বিক্ষোভ। তেহরান-সহ ইরানের বিভিন্ন শহরে পথে নেমেছেন ছাত্রেরা। বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়তে শুরু করেছে একের পর এক বিশ্ববিদ্যালয়ে।

Advertisement

শনিবার থেকে ইরানের বিশ্ববিদ্যালয়গুলিতে নতুন সেমেস্টার শুরু হয়েছে। আর প্রথম দিনেই শাসকবিরোধী স্বর ছড়িয়ে পড়ল একের পর এক বিশ্ববিদ্যালয়ে। তেহরানের শরিফ ইউনভার্সিটির ক্যাম্পাসে একদল পড়ুয়া শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। অভিযোগ, সেই সময়েই খামেনেইপন্থী একটি গোষ্ঠীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বেধে যায়। তেহরানের শহিদ বেহস্তি বিশ্ববিদ্যালয় এবং আমির কবির ইউনিভার্সিটি অফ টেকনোলজিতেও বিক্ষোভ শুরু হয়েছে। সেখানেও খামেনেই এবং ইরান সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেছেন বিক্ষুব্ধ পড়ুয়ারা।

উত্তরপূর্ব ইরানের অন্যতম বড় শহর মাশাদেও ছড়িয়েছে ছাত্রবিক্ষোভ। সেখানেও নিজেদের অধিকার আদায়ের দাবিতে রাস্তায় নেমেছেন পড়ুয়ারা। ইরানের বিভিন্ন প্রান্তে বিক্ষোভের মাঝে স্লোগান উঠেছে, “স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই”, “নিজেদের অধিকারের দাবিতে গর্জে ওঠো”, “স্বৈরাচারের মৃত্যু হোক”। শনিবারের পরে রবিবারও ইরানে আরও বেশ কিছু বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

গত ডিসেম্বরে খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছিল ইরানে। সেই গণবিক্ষোভ ঠেকাতে কঠোর দমনপীড়নের পথে হাঁটে খামেনেই প্রশাসন। প্রশাসনের দমনপীড়নের মুখে গত জানুয়ারিতে ওই গণবিক্ষোভ অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে। তার এক মাস কাটতে না কাটতেই ফের বিক্ষোভের মুখে খামেনেইরা। ইরানের ভিতরে তো বটেই, এমনকি ইরানের বাইরে খামেনেই বিরোধী বিক্ষোভ নতুন করে মাথাচাড়া দিতে শুরু করেছে। শনিবার স্পেনের বার্সেলোনা শহরেও প্রবাসী ইরানিরা বিক্ষোভ দেখিয়েছেন খামেনেইয়ের বিরুদ্ধে। গণবিক্ষোভ পরবর্তী এক মাসে এই প্রথম এমন ব্যাপক আকারে বিক্ষোভ সংগঠিত হল ইরানে। তবে ওই বিক্ষোভ কর্মসূচিগুলি থেকে কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

ডিসেম্বরের শেষ দিকে খামেনেইয়ের বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয়েছিল ইরানে। প্রাথমিক ভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল, তা-ই পরে সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে বিক্ষোভের রূপ নেয়। এবং তা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে একের পর এক শহরে। একই সঙ্গে বৃদ্ধি পায় ইরানি প্রশাসনের দমনপীড়নও। ইরানি প্রশাসনের দমনপীড়নের জেরে অনেক বিক্ষোভকারীর মৃত্যুর অভিযোগ ওঠে।

উদ্ভূত পরিস্থিতিতে নিহতদের সংখ্যা ঘিরে বিভিন্ন ধরনের পরিসংখ্যান উঠে আসায় প্রশ্ন উঠতে থাকে ইরান-কর্তৃপক্ষের বিরুদ্ধেও। ইরানি কর্তৃপক্ষের দাবি, গত মাসের শেষের দিক পর্যন্ত ওই বিক্ষোভে ৩,১০০ জন নিহত হন। যদিও মার্কিন মানবাধিকার গোষ্ঠীর দাবি, ওই বিক্ষোভের সময়ে অন্তত ৬,১৫৯ জনের মৃত্যু হয়েছে। আরও প্রায় ১৭ হাজার জনের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিল ওই মানবাধিকার গোষ্ঠী।

Advertisement
আরও পড়ুন