IPL 2026

ধোনি কি আইপিএল খেলবেন? দু’শব্দে জবাব দিয়ে দিলেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন

২০২৪ সালের আইপিএল থেকে মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে জল্পনা চলছে। এ বার মুখ খুললেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। যদিও ধোনি কখনও অবসর নিয়ে মুখ খোলেননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৪
picture of cricket

মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।

আইপিএল কাছাকাছি আসতেই মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকে মনে করছেন, আগামী আইপিএলের আগেই অবসর ঘোষণা করতে পারেন ধোনি। কেউ কেউ আবার ভাবছেন, ২০২৬ সালের আইপিএল খেলে অবসর নেবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তার মধ্যেই ধোনির অবসরের সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।

Advertisement

ধোনির অবসরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনকে। তিনি শুধু বলেছেন, ‘‘ও খেলবে। ও খেলবে।’’ দলের প্রাক্তন অধিনায়কের অবসর নিয়ে জল্পনা বন্ধ হওয়া উচিত বলেও জানিয়েছেন বিশ্বনাথন। ২০২৪ সালের আইপিএলের আগে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দেন ধোনি। সিএসকের অধিনায়ক হন রুতুরাজ গায়কোয়াড়। তখন থেকেই ৪৪ বছরের উইকেটরক্ষক-ব্যাটারের অবসর নিয়ে শুরু হয়েছে জল্পনা। এ বছর সিএসকে কর্তৃপক্ষ সঞ্জু স্যামসনকে দলে নেওয়ায় জল্পনা আরও তীব্র হয়েছে।

আইপিএলের গত নিলামের পর আবু ধাবিতে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং বলেছিলেন, ‘‘আমরা ভবিষ্যতের দল তৈরির উপর গুরুত্ব দিচ্ছি। ধোনি কোনও না কোনও দিন অবসর নেবেই। সে কারণে আমরা সঞ্জুকে দলে নিয়েছি। সঞ্জু আন্তর্জাতিক মানের ক্রিকেটার। ধোনির শূন্যস্থান ও ভাল ভাবেই পূরণ করতে পারবে।’’ ফ্লেমিংয়ের ওই বক্তব্য ধোনির অবসর নিয়ে জল্পনাকে আরও উসকে দেয়।

২০১৯ সালের পর দেশের হয়ে না খেলায় আইপিএলে ধোনিকে এখন ঘরোয়া ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হয়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধোনির ক্রিকেটীয় দক্ষতার ধার কমেছে। বিশেষ করে ব্যাটার ধোনি গত দু’মরসুম ধরে আইপিএলে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাপূরণ করতে পারছেন না। যদিও আইপিএল থেকে অবসরের ইঙ্গিত কখনও দেননি ধোনি। আইপিএল ছাড়া আর কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটও এখন খেলেন না ভারতকে দু’টি বিশ্বকাপ দেওয়া প্রাক্তন অধিনায়ক।

Advertisement
আরও পড়ুন