দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম বিস্ফোরণে উড়িয়ে দিল ইজ়রায়েল। দূরনিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে ইজ়রায়েল সীমান্তঘেঁষা লেবাননের তিনটি গ্রাম, তায়বেহ, নকোরা এবং দের সেরিয়ান গ্রামে বিস্ফোরণ ঘটানো হয়। তিনটি গ্রামই মানচিত্র থেকে মুছে গিয়েছে। এই ধ্বংসলীলার ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছে ইজ়রায়েলের সামরিক বাহিনী। এই সংক্রান্ত তিনটি ভিডিয়ো যাচাই করে দেখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’।
প্রসঙ্গত, গাজ়ার সীমান্তবর্তী গ্রামগুলিও একই ভাবে নিশ্চিহ্ন করেছিল ইজ়রায়েল। তার পর থেকে গাজ়া ভূখণ্ডের ওই জায়গাগুলিতে নতুন করে আর বসতযোগ্য হয়নি। তাই অনেকেই মনে করছেন, লেবাননেও এ বার ওই একই পন্থা নিলেন বেঞ্জামিন নেতানিয়াহুরা।
লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুসারে, কেবল তিনটি নয়, সীমান্তবর্তী অন্য গ্রামেও একই ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইজ়রায়েল। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
আমেরিকা এবং ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষিত হওয়ায় পশ্চিম এশিয়ায় মোটের উপর শান্তি এবং স্থিতাবস্থা ফিরে এসেছে। তবে লেবাননের ক্ষেত্রে যুদ্ধবিরতির শর্ত মানতে নারাজ ইজ়রায়েল। লেবানন সরকারের উপরে ক্ষোভ না-থাকলেও নেতানিয়াহু সরকার সে দেশের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে হয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ইরানও।
হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হানার জবাব দিতে শনিবার দক্ষিণ লেবাননে হামলা চালায় ইজ়রায়েল। তাতে সে দেশের ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলি। ইজ়রায়েলের সামরিক অভিযানে এখনও পর্যন্ত ইজ়রায়েলে ২০০০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহু জানিয়েছেন, তাঁরা লেবাননের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি চান। কিন্তু এই শান্তিচুক্তিতে হিজ়বুল্লাকে অন্তর্ভুক্ত করতে নারাজ ইজ়রায়েল।