আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় তেহরানে ভেঙে পড়েছে বহুতল। ছবি: রয়টার্স।
ইরানের বিদেশমন্ত্রী আরাঘচি জানিয়েছেন, আমেরিকার সঙ্গে আর কোনও কথা বা আলোচনা নয়। পরমাণু বিষয়ক আলোচনা নিয়ে ‘তিক্ত অভিজ্ঞতা’-র কারণেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।
পশ্চিম ইরানে নিহত হয়েছেন পাঁচ জন। ইজ়রায়েল এবং আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে তাঁদের। ইজ়রায়েলের দাবি, ইরানের প্রত্যাঘাতে সে দেশে জখম হয়েছেন ১৯১ জন।
সৌদি আরবের রিয়াধ প্রদেশের আজ় জ়ুলফি শহরে ইরানের ড্রোন হামলার অভিযোগ।
লেবাননের বেইরুটে দূতাবাসের কর্মীদের সতর্ক করল আমেরিকা। নিরাপদ স্থানে থাকতে বলল।
ইরানের চ্যানেল ১২ দাবি করেছে, তেহরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে ইজ়রায়েল।
ইরানের বিরুদ্ধে পশ্চিম এশিয়ার দেশগুলিকে সাহায্যের জন্য এগিয়ে এল অস্ট্রেলিয়া। পাঠাল ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান।
হিজ়বুল্লা দাবি করেছে, উত্তর ইজ়রায়েলে বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।
ইরাকে আরব আমিরশাহির দূতাবাসে হামলা চালাল ইরান। এই ঘটনার নিন্দা করেছে সৌদি আরব।
ইরানের সর্বোচ্চ নেতার বিদেশনীতি উপদেষ্টা কামাল কারাজ়ি জানালেন, আমেরিকার সঙ্গে কূটনৈতিক সমঝোতা নয়। দীর্ঘ যুদ্ধের জন্য তাদের সেনা প্রস্তুত।
পশ্চিম এশিয়ায় আমেরিকার সহযোগী দেশগুলি কেন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছে না, তা নিয়ে তাদের সমালোচনা করলেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম।
আরব আমিরশাহি জানিয়েছে, বেশ কিছু ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তারা। বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলেছে।
পশ্চিম এশিয়ায় সংঘাতের প্রভাবে মিশরেও বাড়ল তেলের দাম।
আমেরিকা এবং ইজ়রায়েলের হানায় তেহরানে মৃত্যু হল এক বছরের এক শিশুর। একটি বহুতলের ভগ্নস্তূপ থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে (স্থানীয় সময়) সাইরেন বাজছে বাহরিনে।
কুয়েতের তরফে জানানো হয়েছে, ইরানের ছ’টি ড্রোন প্রতিহত করেছে তারা।
কয়েক ঘণ্টা আগে কাতারের দোহায় হামলা চালায় ইরান। তা প্রতিহত করেছে কাতারের বাহিনী। তেহরানে আমেরিকা-ইজ়রায়েলের হামলার পর থেকে কাতারে আটকে পড়েন বহু পর্যটক, বিদেশি। এ বার তাঁদের বিমানে চেপে দেশে ফেরার ব্যবস্থা করা হল। বিমানবন্দর কতটা সুরক্ষিত, তা আগেই খতিয়ে দেখেছে বাহিনী।
বিবৃতি দিয়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বলেছে, ‘‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা।’’ তারা আরও বলে, ‘‘এই অঞ্চলের সমীকরণ এবং ভবিষ্যৎ এখন আমাদের বাহিনীর হাতে। আমেরিকার সেনা যুদ্ধ শেষ করবে না।’’
ট্রাম্প জানান, তেহরানে আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ অভিযান ‘শেষের পথে’। সিবিএস নিউজ়ের সাংবাদিক ওয়েইজা জিয়াং জানান সোমবার (আমেরিকার সময়) মার্কিন প্রেসিডেন্ট তাঁকে ফোনে বলেন, ‘‘আমার মনে হয় যুদ্ধ শেষ হয়ে গিয়েছে। অনেকটাই। ওদের (ইরান) কোনও নৌসেনা নেই, যোগাযোগ ব্যবস্থা নেই, কোনও বায়ুসেনা বাহিনী নেই।’’
ইরানের মেহর সংবাদ সংস্থা দাবি করেছে, খোমেইনের সেন্ট্রাল সিটিতে একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। স্কুলটির নাম ডাক্তার হাফেজ় খোমেনি স্কুল। তার আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে পড়েছে। তবে এখনও হতাহতের কোনও খবর প্রকাশ করা হয়নি।