ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণ সোমবার ভোররাতে। ছবি: সংগৃহীত।
পশ্চিম এশিয়ার সংঘর্ষের আঁচ ইরাকেও। রাজধানী বাগদাদে সোমবার সকালে বিমানহানা চালানো হয়েছে বলে খবর। নেপথ্যে কারা, এখনও স্পষ্ট নয়।
ব্রিটেনের প্রধামন্ত্রী কিয়ের স্টার্মার জানিয়েছেন, ইরানের বোমা ঠেকাতে মার্কিন সেনাকে তাঁরা পশ্চিম এশিয়ায় অবস্থিত ব্রিটিশ ঘাঁটিগুলি ব্যবহার করতে দেবেন।
প্রতিবেশী দেশ লেবাননে বোমা ফেলল ইজ়রায়েল। দাবি, হিজ়বুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
পশ্চিম এশিয়ার সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে রবিবার মধ্যরাতে ড্রোন হামলা হয়েছে বলে দাবি। তবে হতাহতের খবর নেই।
ইরানের রাজধানী শহর তেহরানে সোমবার ভোরে মুহুর্মুহু বিস্ফোরণ হচ্ছে। ইজ়রায়েলের হামলার কারণেই এই বিস্ফোরণ বলে দাবি পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যমগুলিতে।
আমেরিকার সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের রেভলিউশনারি গার্ডের সদর দফতর উড়িয়ে দিয়েছে। ওই বাহিনীর আর কোনও সদর দফতর অবশিষ্ট নেই। ঘটনাকে ‘সাপের মাথা কেটে ফেলেছি’ বলে উল্লেখ করেছে মার্কিন সেনা। দাবি, ইরানের এই বাহিনীই গত ৪৭ বছরে এক হাজারের বেশি আমেরিকানকে হত্যা করেছে। শনিবারের হামলাতেই ইরানি বাহিনীর সদর দফতর উড়ে গিয়েছে বলে জানায় আমেরিকা।
লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লাদের উপর পাল্টা হামলা শুরু করেছে ইজ়রায়েল। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পরেই ইজ়রায়েলে হামলা চালায় এই গোষ্ঠী।
ইরানের মিনাব শহরে মেয়েদের স্কুলে শনিবার ইজ়রায়েলের বোমা পড়ে। তাতে মৃতের সংখ্যা বেড়ে ১৮০ হয়েছে বলে জানিয়েছে পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যমগুলি।
পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে রাতে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে ভারতের উদ্বেগের কথা এবং নাগরিকদের নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন মোদী। দ্রুত সংঘর্ষে ইতি টানার আবেদন জানিয়েছেন মোদী।
পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ইরানের হামলার নিন্দা করে যৌথ বিবৃতি দিল আমেরিকা-সহ সাত দেশ। তাদের মধ্যে রয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, জর্ডন, কুয়েত এবং সৌদি আরব। ইরানকে সতর্ক করা হয়েছে। সেই সঙ্গে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দিয়েছে ওই সমস্ত দেশ। বলা হয়েছে, ‘‘পশ্চিম এশিয়া জুড়ে ইরানের নির্বিচার, বেপরোয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা করছি। সার্বভৌম ভূখণ্ডকে লক্ষ্য করে এমন অযৌক্তিক হামলা সাধারণ জনগোষ্ঠীর জীবনযাত্রা বিপন্ন করছে, অসামরিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে। তেহরানের এই পদক্ষেপে উত্তেজনা বাড়ছে, আঞ্চলিক শান্তি বিঘ্নিত হচ্ছে। আমরা আমাদের নাগরিকদের রক্ষায় অঙ্গীকারবদ্ধ।’’ আত্মরক্ষার্থে পাল্টা পদক্ষেপের বার্তাও দেওয়া হয়েছে যৌথ বিবৃতিতে।