প্রতিনিধিত্বমূলক ছবি।
নিরাপত্তার বেষ্টনী টপকে আচমকাই আমেরিকার ডেনভার বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়েছিলেন এক যুবক। একটি বিমান তখন রানওয়ে ধরে ছুটে আসছিল। ওড়ার মুহূর্তে বিমানের সামনে পড়ে যান যুবক। ধাক্কায় মৃত্যু হয় তাঁর। প্রবল একটা ঝাঁকুনি দিয়ে বিমানটি থেমে যায়। এই ঘটনায় আহত হয়েছেন বিমানের ১৭ যাত্রীও।
জানা গিয়েছে শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১৯ মিনিটে এই ঘটনা ঘটে। ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান ডেনভার থেকে লস অ্যাঞ্জেলসে যাচ্ছিল। বিমানটি নির্ধারিত সময়েই ছাড়ে। কিন্তু রানওয়ে ছাড়ার মুহূর্তেই বিপত্তি। পাইলট বুঝতে পেরেই বিমানটিকে থামিয়ে দেন। তার পর যাত্রীদের তড়িঘড়ি করে উদ্ধার করে বিমান থেকে নিরাপদে নামানো হয়। বিমানবন্দর সূত্রে খবর, যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি বিমানবন্দরের কোনও কর্মী নন। তাঁর পরিচয়ও জানা যায়নি।
কিন্তু কী ভাবে ওই ব্যক্তি রানওয়েতে ঢুকে পড়লেন তা নিয়ে এখন বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। জানা গিয়েছে, বিমানে ২২৪ জন যাত্রী ছিলেন। এই ঘটনার পর সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে উদ্ধার করা হয়েছে। পাইলটের তরফে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে জানানো হয় যে, কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগেছে বিমানটির। কিন্তু সেটা ‘‘ঠিক কী, তা জানা যাচ্ছে না। ঘটনাচক্রে, ওই ব্যক্তিকে ধাক্কা মারার পরই বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। যাত্রীরা জানিয়েছেন, হঠাৎ একটা জোরালো ঝাঁকুনি দিয়ে বিমান থেমে যায়। তার পরই বিমানের ভিতরে ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। যদিও দ্রুত উদ্ধার করা হয় তাঁদের। জানা গিয়েছে, ১২ জন যাত্রীর সামান্য আঘাত লেগেছে। পাঁচ যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।