Earthquake in Venezuela

বিপর্যস্ত ভেনেজ়ুয়েলায় ফের ভূমিকম্প! বেশি ক্ষয়ক্ষতি না হলেও উত্তরের উপকূলে ব্যাহত উদ্ধারের কাজ

প্রাথমিক ভাবে উত্তর ভেনেজ়ুয়েলার ম্যারাকে শহর থেকে ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইএমএসসি (ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১০:৪৭
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজ়ুয়েলা।

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজ়ুয়েলা। ছবি: রয়টার্স।

দু’দিনের ব্যবধানে আবার ভূমিকম্প আঘাত হানল ভেনিজ়ুয়েলায়! ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইএমএসসি-র (ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার) জানিয়েছে, শুক্রবার রাতে (স্থানীয় সময়) লাতিন আমেরিকার দেশটির উত্তর উপকূলে রিখটার স্কেলে ৪.৯ মাত্রার নতুন ভূমিকম্প অনুভূত হয়েছে। মৃদু এই ভূমিকম্পটির প্রভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। তবে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, নতুন করে প্রাণহানির ঘটনা ঘটেনি

Advertisement

প্রাথমিক ভাবে এই উত্তর ভেনেজ়ুয়েলার ম্যারাকে শহর থেকে ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইএমএসসি। এই কম্পনকে ‘আফটার শক’ বলেই মনে করছেন ভূকম্পবিদদের একাংশ। প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় ৭.২ এবং ৭.৫ রিখটার-মাত্রার দুই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভেনেজ়ুয়েলা। এখনও পর্যন্ত ৯-০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সে দেশের সরকার। আহতের সংখ্যা ৪,৩০০ জনেরও বেশি। এ ছাড়া ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে আটকে পড়ে আছেন বলে আশঙ্কা। সে ক্ষেত্রে মৃতের তালিকা দীর্ঘতর হতে পারে।

ভেনেজ়ুয়েলা সরকার জানিয়েছে, ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্যারিবিয়ান সমুদ্র তীরবর্তী বন্দরশহর লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসের উত্তরাংশে। ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এখনও বন্ধ রাখা হয়েছে ভেনেজ়ুয়েলার মূল বিমানবন্দরটিকে। ইতিমধ্যেই সে দেশে জরুরি অবস্থা জারি হয়েছে। আতঙ্কে কারাকাস এবং শহরতলির বহু মানুষ খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন। ভেনেজ়ুয়েলার বহু জায়গাতেই বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। স্কুলগুলিতে পঠনপাঠন আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ, স্কুলভবনগুলিকে অস্থায়ী আশ্রয়শিবির হিসাবে ব্যবহার করছে প্রশাসন। ভেনেজ়ুয়েলায় শতাব্দীর মধ্যে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলির মধ্যে অন্যতম এ বারের কম্পন। এই পরিস্থিতিতে নতুন করে ভূমিকম্পের অভিঘাতে সাময়িক ভাবে উদ্ধারের কাজ ব্যাহত হয়।

Advertisement
আরও পড়ুন