Operation Sindoor

মুরিদকের পর ভোলারি, ভারতের সিঁদুর অভিযানে গুঁড়িয়ে যাওয়া বিমানঘাঁটির পুনর্নির্মাণ করছে পাকিস্তান! ধরা দিল উপগ্রহচিত্রে

২০২৫ সালের ১০ মে এই বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। ধ্বংসপ্রাপ্ত সেই বিমানঘাঁটির পুনর্নির্মাণ করছে পাকিস্তান। ভ্যান্টর উপগ্রহচিত্রে ধরা পড়ল সেই দৃশ্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৯
(বাঁ দিকে) ১১ মে ২০২৫-এর উপগ্রহ চিত্র। ভোলারি ঘাঁটির ধ্বংসে ছবি। (ডান দিকে) ভোলারির পুনর্নির্মাণের উপগ্রহচিত্র। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) ১১ মে ২০২৫-এর উপগ্রহ চিত্র। ভোলারি ঘাঁটির ধ্বংসে ছবি। (ডান দিকে) ভোলারির পুনর্নির্মাণের উপগ্রহচিত্র। ছবি: সংগৃহীত।

মুরিদকে বিমানঘাঁটির পর এ বার ভোলারি। পহেলগাঁও হামলা পরবর্তী সিঁদুর অপারেশনে গুঁড়িয়ে গিয়েছিল এই বিমানঘাঁটি। ধ্বংসপ্রাপ্ত সেই বিমানঘাঁটির পুনর্নির্মাণ শুরু করেছে পাকিস্তান। ভ্যান্টর উপগ্রহচিত্রে ধরা পড়ল সেই দৃশ্য। ২০২৫ সালের ১০ মে এই বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা। ঘটনাচক্রে, তার কয়েক ঘণ্টা পরই পাকিস্তান যুদ্ধবিরতির জন্য আলোচনার টেবিলে বসার সিদ্ধান্ত নেয়। তার পর দীর্ঘ ৮৮ ঘণ্টার সামরিক সংঘাতে ইতি টানে দুই প্রতিবেশী দেশ।

Advertisement

এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার বিশ্বাস, ভালোরির যে বিমানঘাঁটি এবং হ্যাঙ্গারে হামলা চালানো হয়েছিল, সেখানে পাকিস্তানের এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (অ্যাওয়াক) বিমান সাব ২০০০ ‘ইরিয়াই’ রাখা ছিল। সেটি ধ্বংস হয়ে গিয়েছে। উপগ্রহচিত্রে ধরা পড়েছে, ভালোরির হ্যাঙ্গারের ছাদ ক্ষতিগ্রস্ত। সবুজ রঙের ছাদের একটি জায়গায় শক্তিশালী কোনও কিছু আছড়ে পড়ার মতো চিহ্ন ধরা পড়েছে। ভাঙা ছাদ, ধ্বংসে ছবি স্পষ্ট উপগ্রহচিত্রে। চার সময়ের ছবি ধরা পড়েছে উপগ্রহে। ২০২৫ সালের ২৭ এপ্রিলের যে ছবি ধরা পড়েছে, সেখানে দেখা যাচ্ছে বিমানঘাঁটিটি অক্ষত। তার পরের ছবিটি ১১ মে, ২০২৫। সেখানে দেখা যাচ্ছে, বিমানঘাঁটি ধ্বংসস্তূপে বদলে গিয়েছে। হামলার চিহ্ন স্পষ্ট। তৃতীয় ছবি ওই বছরেরই ২ জুনের। বিমানঘাঁটি মেরামতের ছবি ধরা পড়েছে। চতুর্থ ছবি ২০২৬ সালের ২৮ জানুয়ারি। সেখানে দেখা যাচ্ছে, হ্যাঙারের ছাদ নতুন ভাবে নির্মাণ করা হচ্ছে।

অপারেশন সিঁদুরে পাকিস্তানের ন’টি ঘাঁটিতে হামলা চালিয়েছিল। সেই হামলার পর পরই বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে এসেছিল। এনডিটিভি-র কয়েকটি প্রতিবেদনেও প্রকাশিত হয়েছিল যে, মুরিদকে, সুক্কুর নুর খান বিমানঘাঁটির মেরামত করছে পাকিস্তান। এ বার ভোলারি বিমানঘাঁটি মেরামতের ছবি প্রকাশ্যে এল। তবে কী ধরনের অস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল, তা স্পষ্ট হয়নি। তবে অনেকেই মনে করছেন, রাফাল যুদ্ধবিমান থেকে স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল। বিভিন্ন সূত্রের দাবি, ১০ মে ভোলারিতে হামলার পর বিকেল ৩টে ৩৫ মিনিটে পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লা ভারতের ডিজিওমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের সঙ্গে হটলাইনে কথা বলেন। পাক ডিজিএমও যুদ্ধবিরতির কথা জানান। প্রসঙ্গত, গত বছরের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিরা হামলা চালায়। ২৬ পর্যটকের মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। পাকিস্তান এবং পাক অধিকৃত ভূখণ্ডে সিঁদুর অভিযান চালায় ভারত। সেই অভিযানে পাকিস্তানের বেশ কয়েকটি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতের বায়ুসেনা।

Advertisement
আরও পড়ুন