Ghaziabad Triple Suicide

‘মার খাওয়ার চেয়ে মরে যাওয়া ভাল’! গাজ়িয়াবাদে মৃত তিন বোনের ডায়েরির লেখা ঘিরে বাড়ছে রহস্য, কী কী তথ্য উঠে এল

পুলিশের একটি সূত্রের খবর, তিন বোন একটি তালিকা তৈরি করেছিল। সেই তালিকায় ১৯টি বিষয়ের কথা উল্লেখ রয়েছে। আর এই ১৯টি বিষয় যে তাদের বাবা-মা পছন্দ করতেন না, সে কথাও উল্লেখ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

গাজ়িয়াবাদে তিন বোনের মৃত্যুর ঘটনায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে। তদন্ত যত এগোচ্ছে, নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসছে। পুলিশের একটি সূত্রের খবর, তিন বোন একটি তালিকা তৈরি করেছিল। সেই তালিকায় ১৯টি বিষয়ের কথা উল্লেখ রয়েছে। আর এই ১৯টি বিষয় যে তাদের বাবা-মা পছন্দ করত না, সে কথাও উল্লেখ করা হয়েছে। তিন বোনের পছন্দ ছিল কোরীয় সংস্কৃতি, গান, নাটক এমনকি কোরীয় তরুণ এবং যুবকদের। এ ছাড়াও তাদের পছন্দের তালিকায় ছিল চিন, জাপান, আমেরিকা এবং তাইল্যান্ডের বিনোদন দুনিয়া। তাদের ভাল লাগত সিনচ্যান, ডোরেমন কার্টুন এবং মোবাইল গেম।

Advertisement

ডায়েরির একটি জায়গায় বাবা-মায়ের উদ্দেশে লেখা, ‘‘তোমরা জানো না যে, কোরীয়দের আমরা কতটা ভালবাসি। কোরীয় তারকা, কে-পপ গ্রুপ আমাদের কাছে যতটা প্রিয়, আমাদের পরিবারের লোকেরা আমাদের কাছে ততটা প্রিয় নয়।’’ সূত্রের খবর, ডায়েরিতে পারিবারিক অশান্তিরও ইঙ্গিত মিলেছে। তাদের চার বছরের একটি বোন রয়েছে। আদর করে সকলে ওকে দেবু বলে ডাকে।

ডায়েরিতে তিন বোন লিখেছে, দেবু তাদের খুব প্রিয়। দেবুকেও তাদের মতো করে তৈরি করতে চেয়েছিল। কিন্তু বাবা-মা তা চাননি। বরং ওকে বলিউড সিনেমা দেখাতেন। যেটা তাদের মোটেই পছন্দ ছিল না। আর সে কারণেই তারা আরও হতাশ হয়ে পড়েছিল। ডায়েরিতে লেখা, ‘‘তোমরা ওকে (দেবু) বলিউড ছবি দেখিয়ে ঠিক করছ না। আমাদের এটা পছন্দ নয়।’’ পুলিশ সূত্রে খবর, ডায়েরিতে আরও এক জায়গায় মারধরের কথা উল্লেখ করা হয়েছে। তবে কাকে মারধরের কথা বলা হয়েছে, সেটা স্পষ্ট নয়। সেখানে লেখা, ‘‘তোমাদের হাতে মার খাওয়ার জন্য আমরা এই দুনিয়ায় বেঁচে আছি? মার খাওয়ার চেয়ে মরে যাওয়া ভাল।’’

আরও এক জায়গায় বিয়ের বিষয়ে লেখা। সেখানে লেখা, ‘‘ভারতীয়দের বিয়ে করব এটা কখনওই ভেবো না।’’ তদন্তকারীদের অনুমান, তিন বোনের মধ্যে বড় বোনই এই চিঠিটি লিখেছে। চিঠিটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার গাজ়িয়াবাদের একটি বহুতল আবাসনের ১০তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে তিন বোন।

Advertisement
আরও পড়ুন