ছবি: সংগৃহীত।
উত্তর-পশ্চিম সীমান্তে ধারাবাহিক হামলা চালাচ্ছে আফগান তালিবান বাহিনী। পাকিস্তানের অন্দরে তাদের দোসর টিটিপি বিদ্রোহীরা বেশ কয়েকটি সফল ড্রোন হানাদারি ঘটিয়েছে ইতিমধ্যেই। গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে পড়শি দেশ ইরানে শত্রুরাষ্ট্র ইজ়রায়েলের লাগাতার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা।
এই পরিস্থিতিতে আতঙ্কিত পাকিস্তান মঙ্গলবার থেকে লাহৌর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক উড়ানের জন্য আকাশসীমা আংশিক ভাবে বন্ধ রাখা শুরু করল। পাক অসামরিক বিমান চলাচল দফতর জানিয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রতি দিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত করাচি ও লাহৌর অঞ্চলে অসামরিক উড়ানের জন্য নির্দিষ্ট রুট বন্ধ থাকবে।
সরকারি নির্দেশিকায় অবশ্য প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের প্রশাসন তালিবান বা ইজ়রায়েলি হামলার শঙ্কার কথা জানায়নি। বলা হয়েছে, উড়ান পরিচালনা সংক্রান্ত বিশেষ কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে ইরানের বিরুদ্ধে আমেরিকা-ইজ়রায়েলের হানাদারি শুরুর পরে পাকিস্তানের বিভিন্ন শহর থেকে পশ্চিম এশিয়াগামী ৩০০-র বেশি উড়ান এ পর্যন্ত বাতিল করা হয়েছে বলে সরকারি সূত্র উদ্ধৃত করে প্রকাশিত কয়েকটি খবরে দাবি।