US Iran Tensions

শীঘ্রই পাকিস্তানে যেতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স! ইরান বলছে, খতিয়ে দেখা হচ্ছে প্রস্তাব, মুখোমুখি বৈঠক কি হবে?

দাবি করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষেই পাকিস্তানে একটি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। সব কিছু ঠিক থাকলে শীঘ্রই পাকিস্তানে যেতে পারেন জেডি ভান্স। তাঁর সঙ্গে থাকবেন আমেরিকার অন্য প্রতিনিধিরাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৩:১৬
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইরানের সঙ্গে আমেরিকার মুখোমুখি বৈঠক হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে আমেরিকা। শীঘ্রই পাকিস্তানে যেতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এখনও পর্যন্ত তেমনটাই পরিকল্পনা রয়েছে আমেরিকার। প্রশাসনিক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানাচ্ছে সিএনএন।

Advertisement

রিপোর্ট অনুযায়ী আমেরিকার ওই শীর্ষ প্রশাসনিক সূত্রের দাবি, চলতি সপ্তাহের শেষের দিকেই পাকিস্তানে একটি বৈঠকের ব্যবস্থা করতে চাইছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সব কিছু ঠিক থাকলে মার্কিন প্রতিনিধিদলকে নিয়ে পাকিস্তানে যেতে পারেন ভান্স। তবে ওই বৈঠক শুধু পাকিস্তানের সঙ্গে হবে, না কি ইরান বা অন্য কোনও দেশও থাকবে, তা জানা যায়নি। আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ এখনও চলছে। তবে দু’দেশের মধ্যে আলোচনার সম্ভাবনাও তৈরি হয়েছে। এবং পাকিস্তানে সেই আলোচনা হতে পারে, এমন সম্ভাবনাও জোরালো হতে শুরু করেছে বলে দাবি বিভিন্ন রিপোর্টে।

গত কয়েক দিন ধরেই আমেরিকা এবং ইরানের মাঝে ‘দূত’ হয়ে কাজ করছে পাকিস্তান। ইরানকে ইতিমধ্যে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছে আমেরিকা। তাদের সেই প্রস্তাব পাকিস্তানই পৌঁছে দিয়েছে ইরানের কাছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ জানিয়েছেন, আমেরিকা এবং ইরান রাজি থাকলে দু’দেশের মুখোমুখি বৈঠকের আয়োজন করতেও তৈরি আছে ইসলামাবাদ।

পাকিস্তানের মধ্যস্থতা করার কথা প্রকাশ্যে আসার পরই খবর ছড়ায় পশ্চিম এশিয়ায় মার্কিন দূত স্টিভ উইটকফকে পাকিস্তানে পাঠানো হচ্ছে। ট্রাম্প নিজেও জানান, ইরানের সঙ্গে ‘আলোচনা’র দায়িত্বে রয়েছেন ভান্স, উইটকফ, বিদেশসচিব মার্কো রুবিও এবং ট্রাম্পের পরামর্শদাতা জারেড কুশনার। তবে পশ্চিম এশিয়ার সূত্রকে উদ্ধৃত করে সিএনএন জানাচ্ছে, উইটকফ এবং কুশনারের সঙ্গে আলোচনায় আগ্রহী নয় ইরান। সে ক্ষেত্রে ভান্সকে তুলনামূলক ভাবে বেশি পছন্দ করছে ইরান। অনুমান করা হচ্ছে, সম্ভবত সেই কারণেই ভান্সকে পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা চলছে।

যদিও ইরানের দাবি, তারা আমেরিকার সঙ্গে এখনই আলোচনায় বসতে রাজি নয়। পাকিস্তান মারফত ওই ১৫ দফা প্রস্তাবের প্রাপ্তিস্বীকার করেছে তারা। জানিয়েছে, আমেরিকার ওই ১৫ দফা প্রস্তাব পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে এখনই কোনও আলোচনা হচ্ছে না বলেই জানিয়েছে ইরান। বুধবার ইরানের সরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, “আমরা (আমেরিকার সঙ্গে) বোঝাপড়া করতে চাইছি না। এখন আমাদের নীতি হল, প্রতিরোধ চালিয়ে যাওয়া।” এ অবস্থায় দু’দেশের মুখোমুখি বৈঠক কতদূর সম্ভব হবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন