Mass Shooting in US

আমেরিকায় বন্দুকবাজের গুলিতে নিহত অন্তত ৮ শিশু! পালানোর পথে পুলিশের গুলিতে নিহত আততায়ীও

পুলিশের গুলিতে নিহত আততায়ীর নামপরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। নিহত শিশুদেরও নামপরিচয় প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, নিহত শিশুদের মধ্যে কয়েক জন আততায়ীরই সন্তান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২২:৩৩

— প্রতীকী চিত্র।

আমেরিকায় বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল আট শিশুর। নিহতদের বয়স এক বছর থেকে ১৪ বছরের মধ্যে। রবিবার সকালে (স্থানীয় সময় অনুযায়ী) ঘটনাটি ঘটেছে লুইজ়িয়ানা প্রদেশের শ্রিভপোর্ট শহরে। পুলিশের গুলিতে ইতিমধ্যে আততায়ীর মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আততায়ী এক জনই ছিল।

Advertisement

কী কারণে এই গুলি চলেছে, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। তবে শ্রিভপোর্ট শহরের পুলিশেরর অনুমান, পারিবারিক কোনও বিবাদের জেরেই এই ঘটনাটি ঘটেছে। নিহত শিশুদের মধ্যে কয়েক জন ওই আততায়ীরই সন্তান বলে মনে করছে পুলিশ। শ্রিভপোর্টের পুলিশপ্রধান ওয়েন স্মিথ জানান, রবিবার ভোর ৬টা (স্থানীয় সময়ে) নাগাদ গোলাগুলির ঘটনাটি ঘটে। হামলায় সব মিলিয়ে ১০ জন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে আট জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, তারা এখনও ওই ঘটনার বিষয়ে বিশদ তথ্য সংগ্রহ করছে। শহরের তিনটি জায়গা জুড়ে এই হত্যাকাণ্ড ছড়িয়ে রয়েছে। শ্রিভপোর্ট পুলিশের এক মুখপাত্র ক্রিস্টোফার বোর্ডেলন জানান, মোট তিনটি ঘটনাস্থল রয়েছে। ৭৯ ওয়েস্ট স্ট্রিটের দু’টি বাড়িতে গুলি চলে। তার পরে নিকটবর্তী হ্যারিসন স্ট্রিটেও একটি বাড়িতে গুলি চলে। গোলাগুলির পরে অভিযুক্ত একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। সেই সময়েই রাস্তায় পুলিশের টহলদারি দল তাঁকে ধাওয়া করেন এবং পুলিশের গুলিতে ওই অভিযুক্ত নিহত হন।

পুলিশের গুলিতে নিহত আততায়ীর নামপরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। নিহত শিশুদেরও নামপরিচয় প্রকাশ করা হয়নি। কী কারণে তাদের উপর হামলা হয়েছে, কত জন হামলা চালিয়েছে, তা-ও প্রাথমিক ভাবে স্পষ্ট নয়। তবে শ্রিভপোর্ট পুলিশের মুখপাত্র বোর্ডেলন বলেন, “আমরা মনে করছি তিনটি জায়গাতেই এক জনই আততায়ী ছিলেন এবং একমাত্র তিনিই গুলি করেছেন।” পুলিশ নিহতদের নাম পরিচয় প্রকাশ না-করলেও বোর্ডেলন জানান, নিহত শিশুদের মধ্যে কয়েক জন আততায়ীরই সন্তান।

Advertisement
আরও পড়ুন