Iran-US Conflict

‘ওরাই নিজের দেশের স্কুলে হামলা চালিয়েছে! কারণ, অস্ত্র নিশানায় ওরা দড় নয়’, দেড়শতাধিক ছাত্রীর মৃত্যুতে ইরানকেই দুষলেন ট্রাম্প

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ সামরিক সংঘাতের শুরুর দিনেই ইরানের মিনাবে একটি স্কুলে বোমাবর্ষণ করা হয়। সেই হামলায় ১৫০ জনেরও বেশি নিহত হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই ছাত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১১:৫৫
(বাঁ দিকে) ইরানের মিনাবে মেয়েদের স্কুলে হামলার পর গণকবর। (ডান দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

(বাঁ দিকে) ইরানের মিনাবে মেয়েদের স্কুলে হামলার পর গণকবর। (ডান দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

দক্ষিণ ইরানের মিনাবে মেয়েদের স্কুলে হামলা চালানোর দায় ইরানের উপরেই ঠেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাচক্রে, দু’দিন আগেই সংবাদসংস্থা রয়টার্স মার্কিন সরকারি সূত্র উল্লেখ করে জানিয়েছিল, তদন্তে এই হামলায় আমেরিকারই নাম উঠে এসেছে। অর্থাৎ ইরানের ওই স্কুলে বোমা ফেলেছে আমেরিকাই— প্রতিবেদনে সূত্র উদ্ধৃত করে এমনই লেখা হয়েছিল। যদিও সেই সময় হোয়াইট হাউসের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। গোয়েন্দাদের সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। তার ৪৮ ঘণ্টার মধ্যে ট্রাম্প পাল্টা আঙুল তুললেন ইরানের দিকেই।

Advertisement

শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আমাদের মনে হয়, এটা ইরানের কাজ। ওদের দেশের স্কুলে হামলা চালিয়েছে ওরাই। কারণ, অস্ত্র নিশানায় ওরা খুব একটা দড় নয়। অন্যত্র নিশানা করতে গিয়ে নিজেদের দেশের স্কুলেই হামলা চালিয়েছে।’’

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ সামরিক সংঘাতের শুরুর দিনেই ইরানের মিনাবে একটি স্কুলে বোমাবর্ষণ করা হয়। সেই হামলায় ১৫০ জনেরও বেশি নিহত হয়ে। তাদের মধ্যে বেশির ভাগই ছাত্রী। আমেরিকা এবং ইজ়রায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, দুই দেশের কেউই এর দায় স্বীকার করেনি। তবে আমেরিকা জানিয়েছে, এর তদন্ত চলছে। তার মধ্যেই আমেরিকার একটি রিপোর্ট প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। তার পরই আসরে নেমে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট।

সূত্রের খবর, আমেরিকার প্রতিরক্ষা দফতর (ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স) ইরানে মেয়েদের স্কুলে হামলার তদন্ত করছে। প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ গত বুধবার সেই খবর নিশ্চিত করেন। বিষয়টি তদন্তাধীন থাকায় হোয়াইট হাউসও কোনও মন্তব্য করতে চায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক রয়টার্সকে জানান, প্রাথমিক তদন্তের পর মনে হচ্ছে, আমেরিকার বোমাই পড়েছে স্কুলটির উপর। তবে তদন্ত এখনও শেষ হয়নি। মার্কিন হামলার সপক্ষে কী প্রমাণ মিলেছে, কী দেখে তদন্তকারীরা এই ইঙ্গিত পেলেন, কী ধরনের অস্ত্র দিয়ে স্কুলে হামলা চালানো হয়, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শেষ হতে আর কত দিন লাগবে, তা-ও বোঝা যাচ্ছে না।

Advertisement
আরও পড়ুন