Donald Trump on Iran Conflict

যুদ্ধ শেষ হওয়ার আগে প্রাণ যেতে পারে আরও মার্কিন সেনার! কুয়েতে তিন সেনাকর্মীর মৃত্যুর পরে জানালেন ট্রাম্প

নিহত তিন সেনা কুয়েতে নিযুক্ত ছিলেন। সেখানে অস্ত্র, খাবারদাবারের জোগান দেখভালের দায়িত্বে ছিলেন তাঁরা। কুয়েত-সহ পশ্চিম এশিয়ার যে সব দেশে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সেই হামলাতেই মৃত্যু হয়েছে তিন জনের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৫:০৫
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

ইরানের হামলায় কুয়েতে নিহত হয়েছেন তিন জন মার্কিন সেনা। গুরুতর আহত পাঁচ। সেই কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার আগে আগামী দিনে আরও সেনার প্রাণ যেতে পারে। মনে করা হচ্ছে, ইরান যে ভাবে হামলা প্রতিরোধ করছে, তা মাথায় রেখেই ট্রাম্প এ কথা বলেছেন। যদিও তিনি এ-ও জানিয়ে দিয়েছেন, ইরানে আমেরিকা ও ইজ়রায়েলের হামলা চলতে পারে আরও চার থেকে পাঁচ সপ্তাহ। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আমেরিকা এবং ইজ়রায়েলের হামলার শুরু থেকে এখন পর্যন্ত সে দেশে ৫৫৫ জন নিহত হয়েছেন।

Advertisement

সূত্রের খবর, নিহত তিন সেনা কুয়েতে নিযুক্ত ছিলেন। সেখানে অস্ত্র, খাবারদাবারের জোগান দেখভালের দায়িত্বে ছিলেন তাঁরা। কুয়েত-সহ পশ্চিম এশিয়ার যে সব দেশে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে, সেখানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে ইরান। সেই হামলাতেই মৃত্যু হয়েছে তিন জনের। ইউএস সেন্ট্রাল কমান্ড এক্স অ্যাকাউন্টে পোস্ট করে সে কথা জানিয়েছে। তারা দাবি করেছে, ওই ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। ‘দ্য গার্ডিয়ান’ বলছে, মার্কিন প্রশাসন নিহত তিন সেনার পরিচয় প্রকাশ করেনি। ‘অপারেশন এপিক ফিউরি’-তে পাঁচ সেনা গুরুতর আহত হয়েছেন।

তার পরেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে ভিডিয়ো পোস্ট করে বলেন, ‘‘আহত সেনাদের দ্রুত আরোগ্য কামনা করছি। নিহতদের পরিবারকে আমাদের ভালবাসা এবং কৃতজ্ঞতা জানাই।’’ সঙ্গে যোগ করেন, ‘‘দুঃখজনক যে, (যুদ্ধ) শেষ হওয়ার আগে আরও প্রাণ যাবে, আরও মৃত্যু হবে। তবে যা সম্ভব, আমরা করব।’’ ছ’মিনিটের ভিডিয়োয় ট্রাম্প নিহতদের ‘প্রকৃত আমেরিকান দেশপ্রেমী’ বলে উল্লেখ করেছেন। সংবাদমাধ্যম ‘ডেলি মেল’কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘দুর্ভাগ্যজনক যে, এ রকম (সেনার মৃত্যু) আবার হতে পারে, তা আমাদের কাছেও প্রত্যাশিত।’’

এর আগে শনিবার একটি ভিডিয়োবার্তায় ট্রাম্প বলেছিলেন, ‘‘সাহসী আমেরিকান হিরোরা প্রাণ হারাতে পারেন। আমাদের ক্ষয়ক্ষতি হতে পারে। যুদ্ধে এ রকম হয়। কিন্তু এটা আজকের জন্য করছি না, ভবিষ্যতের জন্য করছি।’’

Advertisement
আরও পড়ুন