Adani Case in US

আদানিদের বিরুদ্ধে মামলা দায়ের করাই উচিত হয়নি! কেন প্রত্যাহারের সিদ্ধান্ত, আদালতে জানাল আমেরিকার প্রশাসন

আদানিদের বিরুদ্ধে এই মামলা হয়েছিল ২০২৪ সালে। তখন জো বাইডেন ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার মসনদে ট্রাম্পের প্রত্যাবর্তনের পর ওই মামলাও প্রত্যাহার করতে চাইছে মার্কিন বিচার বিভাগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ২৩:২৪
আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি।

আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। — ফাইল চিত্র।

গৌতম আদানিদের বিরুদ্ধে মামলা কেন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন, তা নিয়ে এ বার ব্যাখ্যা দিল আমেরিকার বিচার বিভাগ। তাদের বক্তব্য, মামলাটি যে ভাবে চলেছে তা আইনত ত্রুটিপূর্ণ। পাশাপাশি এই মামলাটি কূটনৈতিক দিক থেকেও আমেরিকার জন্য সুবিধাজনক নয় বলে মনে করছে তারা। ওই মামলা খারিজ করে দেওয়ার জন্য মার্কিন আদালতে আবেদন জানিয়েছে আমেরিকার বিচার বিভাগ।

Advertisement

ঘুষ এবং জালিয়াতি সংক্রান্ত অভিযোগে আমেরিকার আদালতে মামলা হয়েছে আদানিদের বিরুদ্ধে। ওই মামলা সম্প্রতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় মার্কিন প্রশাসন। তবে তা নিয়ে প্রশাসনের বক্তব্য জানতে চায় ব্রুকলিনের আদালত। মার্কিন বিচার বিভাগ কেন মামলার নিষ্পত্তি করতে চাইছে, তার ব্যাখ্যা দিতে বলা হয় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে।

আদানিদের বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়েছিল ২০২৪ সালে। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন, তাঁর প্রশাসনের বিচার বিভাগ এই মামলা করেছিল। আদালতে জমা দেওয়া ১০ পাতার নথিতে বর্তমান প্রশাসন জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যে বিষয়গুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করছে, সেই তালিকায় নেই এই মামলাটি। পাশাপাশি তারা আরও জানিয়েছে, মামলাটি এক বছর আগেই প্রত্যাহার হয়ে যাওয়া উচিত ছিল। অথবা শুরুতে সেটি দায়ের হওয়াও উচিত হয়নি।

মার্কিন প্রশাসন যে আদানির বিরুদ্ধে মামলা আর টানতে চাইছে না, তা গত মাসেই প্রকাশ্যে এসেছিল। ঘুষ ও জালিয়াতি সংক্রান্ত অভিযোগের আদানি এবং তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে মামলা চলছে আমেরিকার ব্রুকলিন আদালতে। গত মাসে ‘নিউ ইয়র্ক টাইম্‌স’, ‘ব্লুমবার্গ’-সহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানায়, ওই মামলার নিষ্পত্তি করতে চাইছে ট্রাম্পের প্রশাসন। এ বার আদালতে লিখিত ভাবে নিজেদের অবস্থান জানাল তারা।

Advertisement
আরও পড়ুন