Black Eagle of US

ইরানের বিরুদ্ধে ‘কালো ইগল’ নামাচ্ছে আমেরিকা! মোতায়েন শুরু পশ্চিম এশিয়ায়, ঘণ্টায় ৬০০০ কিমি গতিতে হামলা

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পেন্টাগনকে অনুরোধ করে যে, এই ক্ষেপণাস্ত্রকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করার অনুমতি দেওয়া হোক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১২:১০
মার্কিন বাহিনীর ‘কালো ইগল’। ছবি: সংগৃহীত।

মার্কিন বাহিনীর ‘কালো ইগল’। ছবি: সংগৃহীত।

ইরানের বিরুদ্ধে এ বার ‘কালো ইগল’ নামানোর প্রস্তুতি শুরু করে দিল আমেরিকা। ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় মার্কিন অস্ত্রভান্ডারের সবচেয়ে ধবংসাত্মক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তারা। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) পেন্টাগনকে অনুরোধ করে যে, এই ক্ষেপণাস্ত্রকে পশ্চিম এশিয়ায় মোতায়েন করার অনুমতি দেওয়া হোক। শুধু তা-ই নয়, ইরানে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারেরও অনুমতি চাওয়া হয়েছে। আর তার পরই পশ্চিম এশিয়ায় ‘কালো ইগল’ মোতায়েনের কাজ শুরু হয়ে গিয়েছে বলে ওই সংবাদমাধ্যমগুলির দাবি।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা কিছু একটা পদক্ষেপ করতে পারে এটা আঁচ করতে পেরেই ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চারগুলিকে (টিইএল) এমন জায়গায় মোতায়েন করতে শুরু করেছে ইরান, যেখানে মার্কিন কোনও ক্ষেপণাস্ত্র নাগাল পাবে না। এত দিন পর্যন্ত আমেরিকা ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ বা পিআরএসএম-কে হামলার জন্য কাজে লাগাচ্ছিল। যে ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। কিন্তু ইরানের অস্ত্রভান্ডারের নাগাল পেতে এ বার ‘কালো ইগল’-এর প্রয়োজন পড়ল।

ডার্ক ইগল বা কালো ইগল হল আমেরিকার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। যা শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। এই ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৬১৭৪ কিলোমিটার বেগে হামলা চালাতে সক্ষম। এ ছাড়াও এই ক্ষেপণাস্ত্র ২৭৮০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে অনায়াসে ধ্বংস করতে পারে। এই ক্ষেপণাস্ত্রে একটি ‘গ্লাইড বডি’ রয়েছে। যেটির সাহায্যে এই ক্ষেপণাস্ত্র যে কোনও সময়ে, যে কোনও মুহূর্তে দিশা বদলাতে পারে। ফলে এই ক্ষেপণাস্ত্রকে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহজে নিশানা করতে পারে না। ভূগর্ভস্থ বাঙ্কার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, ভূগর্ভস্থ কোনও পরিকাঠামোয় অনায়াসে হামলা চালাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

Advertisement
আরও পড়ুন