Iran War

‘বন্ধুত্বপূর্ণ গোলাবর্ষণের কারণেই ধ্বংস হয়েছে’! কুয়েতে এফ-১৫ যুদ্ধবিমান বিপর্যয়ের কারণ জানাল আমেরিকা

কুয়েত সিটির ৩২ কিলোমিটার পশ্চিমে অল-জাহরা শহরে সোমবার আমেরিকার একটি এফ-১৫ যুদ্ধবিমান ভেঙে পড়ে। প্রাথমিক ভাবে ইরানের সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছিল, তাদের ড্রোন মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপতিত করেছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ২০:৩৮
US military says, three F-15s involved in friendly fire incident in Kuwait, pilots safe

কুয়েতে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান। ছবি: এক্স থেকে।

নিজেদের পক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলাতেই মিত্ররাষ্ট্র কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। পেন্টাগনের তরফে সোমবার একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।

Advertisement

ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’-তে অংশ নিয়ে ফিরে আসার সময় সোমবার ভোরে পেন্টাগনের ‘স্ট্রাইক ঈগল’ স্কোয়াড্রনের তিনটি বিমান কুয়েতে মোতায়েন মিত্রবাহিনীর নিশানা হয়েছিল। তার মধ্যে একটিতে আগুন ধরে যায়। তবে পাইলট নিরাপদে প্যারাস্যুটের সাহায্যে অবতরণ করেন।

পেন্টাগনের বিবৃতি বলছে, ‘‘কুয়েত এই ঘটনাটি স্বীকার করেছে, এবং আমরা এই অভিযানে কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা ও তাদের সহায়তার জন্য কৃতজ্ঞ। ঘটনার কারণ এখনও তদন্তাধীন। অতিরিক্ত তথ্য পাওয়া গেলে প্রকাশ করা হবে।’’ প্রসঙ্গত, কুয়েত সিটির ৩২ কিলোমিটার পশ্চিমে অল-জ়াহরা শহরে সোমবার আমেরিকার একটি এফ-১৫ যুদ্ধবিমান ভেঙে পড়ে। প্রাথমিক ভাবে ইরানের সংবাদমাধ্যমের একাংশ দাবি করেছিল, তাদের ড্রোন মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপতিত করেছে।

কিন্তু এর পরে উপসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ডের সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমের দাবি, আমেরিকার ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতেই ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে। ওই প্রতিবেদনগুলির দাবি, শত্রুদেশের বিমান মনে করে ওই ব্যবস্থা স্বয়ংক্রিয় পদ্ধতিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আর তাতেই কুয়েতের শহরে ভেঙে পড়েছে যুদ্ধবিমানটি। কিন্তু কি কারণে এমন ‘বন্ধুত্বপূর্ণ গোলাবর্ষণ’ ঘটল, তা সরকারি ভাবে এখনও জানায়নি পেন্টাগন। প্রসঙ্গত, সোমবার কুয়েতে মার্কিন দূতাবাস এবং লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। সংবাদসংস্থা এপি-র প্রতিবেদন অনুসারে, ইরানের হামলার পরেই দূতাবাস চত্বরে আগুন এবং ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছে।

Advertisement
আরও পড়ুন