Iran War

‘একেবারে অন্যরকম এবং অদ্ভুত’, এ বার ট্রাম্প নিশানা করলেন ইরানের আলোচনাকারীদের! আর কী বললেন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্টে দাবি করেছেন, যুদ্ধবিরতির উদ্দেশ্যে একটি চুক্তি করার জন্য ইরানের তরফে তাঁকে অনুরোধ করা হয়েছে। যৌথবাহিনীর হামলায় ইরানের সামরিক পরিকাঠামো ধ্বংস হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৯:২৪
US President Donald Trump says, negotiators from Iran ‘begging’ for US deal to end war

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনার মধ্যেই এ বার তেহরানের দূতদের উদ্দেশে তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি পোস্টে তাঁর মন্তব্য, ‘‘ইরানের আলোচকেরা একেবারে অন্যরকম এবং অদ্ভুত।”

Advertisement

ওই পোস্টের ট্রাম্প লিখেছেন, ‘‘তাঁরা (ইরানের প্রতিনিধিরা) আমাদের কাছে একটি চুক্তি করার জন্য অনুনয়-বিনয় করছেন, যা তাঁদের করাই উচিত। কারণ, তাঁরা সামরিক ভাবে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছেন। প্রত্যাবর্তনের কোনও সুযোগ নেই। তবুও তাঁরা প্রকাশ্যে বলছেন যে আমাদের প্রস্তাবটি বিবেচনা করে দেখছেন!’’ এর পরেই তেহরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পের মন্তব্য, ‘‘তাঁদের দ্রুতই সিরিয়াস হওয়া উচিত। না হলে দেরি হয়ে যাবে। কারণ এক বার সেটা হলে আর ফিরে আসার কোনও সুযোগ থাকবে না। সেটা সুখকরও হবে না!’’

যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে উভয় পক্ষই শর্ত আদান-প্রদান করছে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েও দাবি করেছেন ট্রাম্প। প্রসঙ্গত, আমেরিকা এবং ইজ়রায়েলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, যুদ্ধ শেষ করার শর্ত হিসাবে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। তার মধ্যে রয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ় প্রণালী উন্মুক্ত করার প্রসঙ্গ। কিন্তু তা নাকচ করেছে তেহরান। পাল্টা পাঁচ দফা প্রস্তাব দেওয়া হয়েছে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের তরফে। হামলা বন্ধ করা, পরিকাঠামো ধ্বংসে ক্ষতিপূরণ, যুদ্ধবিরতিতে ইয়েমেনের হুথি, লেবাননের হিজ়বুল্লা, ইরাকের ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ)-এর মতো তেহরানের সহযোগীদের অন্তর্ভুক্ত করা, নতুন করে হামলা না করার প্রতিশ্রুতির মতো শর্ত রয়েছে তাতে।

Advertisement
আরও পড়ুন