ইরানের সঙ্গে আমেরিকার সামরিক সংঘাতকে সরকারি ভাবে ‘যুদ্ধ’ বলতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, ইরানের উপর কেবল চাপ বজায় রেখেছে আমেরিকা। ইরান তাঁদের সঙ্গে মরিয়া হয়ে সমঝোতা করতে চাইছে বলেও দাবি করেছেন ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফের আটটি যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। এই সূত্রে ভারত এবং পাকিস্তানের প্রসঙ্গও উত্থাপন করেন তিনি। বলেন, “আমি আটটি যুদ্ধ থামিয়েছি। তারা আমায় ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে। নোবেল কমিটিকেও চিঠি দিয়েছে।” একই সঙ্গে ট্রাম্পের সংযোজন, “ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর জন্য পাক প্রধানমন্ত্রী (শাহবাজ় শরিফ) আমায় ধন্যবাদ জানান। দুটো পরমাণু শক্তিধর দেশ যুদ্ধ করছিল। শুল্ক ব্যবহার করে আমি সমাধান করে দিই।”
ইরানের সঙ্গে সংঘাতকে ‘যুদ্ধ’ বলে স্বীকার না-করলেও জানিয়েছেন যে, আমেরিকা কোনও ভাবেই ইরানকে পরমাণু শক্তিধর হতে দেবে না। ট্রাম্পের এ-ও দাবি যে, মার্কিন হামলায় ইরানের বায়ুসেনা এবং নৌসেনা ধ্বংস হয়ে গিয়েছে। ড্রোন তৈরির কারখানাগুলির ৮২ শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে বলেও দাবি ট্রাম্পের। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, “ওদের (ইরান) অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। অবরোধটা (হরমুজ় প্রণালীতে মার্কিন নৌ অবরোধ) অতুলনীয় হয়েছে। ওরা কত দিন আর জেদ বজায় রাখবে?” ট্রাম্প ফের ইঙ্গিত দিয়েছেন যে, ইরান আলোচনার টেবিলে না-বসলে তাঁরা হরমুজ় প্রণালী থেকে অবরোধ তুলবেন না।