LPG Crisis

আমদানি কমলেও দেশের মাটিতে বেড়েছে এলপিজি উৎপাদন, জানাল কেন্দ্র

তেল মন্ত্রকের দাবি, ভারতে এলপিজি আমদানি ফেব্রুয়ারির থেকে কমে অর্ধেক হয়েছে মার্চে। আরব আমিরশাহি থেকে সবচেয়ে বেশি কেনা হত। তা ৬.২৫ লক্ষ টন থেকে নেমেছে ২.২৬ লক্ষে। প্রায় ৬৪% কম।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৯:৫৭

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এলপিজি-র জোগান সঙ্কটের মধ্যেই দেশের জ্বালানি মানচিত্রে নতুন ছবি। তথ্যে প্রকাশ, পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে ভারতে ওই জ্বালানির আমদানি কমেছে বটে। তবে একই সঙ্গে দেশের মাটিতে বেড়ে গিয়েছে উৎপাদন। যা অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

তেল মন্ত্রকের দাবি, ভারতে এলপিজি আমদানি ফেব্রুয়ারির থেকে কমে অর্ধেক হয়েছে মার্চে। আরব আমিরশাহি থেকে সবচেয়ে বেশি কেনা হত। তা ৬.২৫ লক্ষ টন থেকে নেমেছে ২.২৬ লক্ষে। প্রায় ৬৪% কম। কাতারের ক্ষেত্রে ৪.৩১ লক্ষ টন থেকে কমে হয়েছে ২.২৬ লক্ষ। সৌদি আরবের ৩.৪১ লক্ষ টন নেমেছে ১.৫৪ লক্ষে। কুয়েতের ২.২৮ লক্ষ টনও কমে হয়েছে ৬৭,০০০ টন। বিশেষজ্ঞ সংস্থা কেপলারের তথ্য বলছে, গত মাসে দেশে ১১.২ লক্ষ টন এলপিজি আমদানি হয়েছে। ফেব্রুয়ারিতে যা ছিল ২০.৪ লক্ষ টন। যুদ্ধের কারণেই তা ৪৫ শতাংশেরও বেশি কমেছে। কেপলারের কর্তা নিখিল দুবে জানান, হরমুজ় প্রণালী আটকে থাকায় এই হাল।

কেন্দ্রের অবশ্য ইঙ্গিত, এই নেতিবাচক ছবি বদলে যাচ্ছে ইতিবাচকে। কারণ, মার্চে প্রয়োজনের সিংহভাগ এলপিজি তৈরি হয়েছে ভারতেই। তেল মন্ত্রকের তথ্য, দিনে গ্যাসের চাহিদা ৮০,০০০ টন। দৈনিক চাহিদার প্রায় ৬৩% বা ৫০,০০০ টন তৈরি হয়েছে দেশের মাটিতে। এক মাসে উৎপাদনের হার ৪০% বেড়েছে।

আরও পড়ুন