—প্রতীকী চিত্র।
টানা তিন দিনে প্রায় ৩৬৪২ পয়েন্ট নেমেছে সেনসেক্স। সোমবার, চতুর্থ দিনে লাফাল ৯৩৮.৯৩। পৌঁছল ৭৫,৫০২.৮৫ অঙ্কে। তবে লেনদেন চলাকালীন দিনভর পেন্ডুলামের মতো দুলেছে সূচক, যার পরিমাণ প্রায় ১৮৫৬ পয়েন্ট। এক সময় যেমন ৭৫,৮০৫.২৭-এ উঠেছে, তেমনই নেমে গিয়েছে ৭৩,৯৪৯.৭৬ অঙ্কে। অন্য দিকে, নিফ্টি ২৫৭.৭০ পয়েন্ট এগিয়ে থামে ২৩,৪০৮.৮০-তে। ডলারের সাপেক্ষে টাকার দামও সামান্য বেড়েছে এ দিন।
বিশেষজ্ঞ কমল পারেখের দাবি, পড়তি বাজারে কম দামে ভাল শেয়ার কেনার হিড়িক উত্থানের প্রধান কারণ। তবে বাজার যে অস্থির, তা সূচকের ওঠানামায় স্পষ্ট। কমলের কথায়, ‘‘টানা পতনের পরে উত্থান স্বাভাবিক। কিন্তু এটা ধরে নিলে চলবে না যে, বাজার ঘুরে দাঁড়িয়েছে।’’ বিশেষজ্ঞদের প্রায় সকলেই মনে করছেন, যতদিন না পশ্চিম এশিয়া শান্ত হচ্ছে, ততদিন বাজারের অস্থিরতা এবং অনিশ্চয়তা কমা কঠিন। কিছুটা স্বস্তি মিলেছে হরমুজ় পেরিয়ে দেশে এলপিজি ভরা জাহাজের পৌঁছনো।