Courier Service

নতুন অর্থবর্ষে পাল্টে গেল নিয়ম, উঠে গেল কুরিয়রে পণ্য রফতানির সীমা

পরোক্ষ কর পর্ষদের দাবি, ভারতের পণ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার বার্তা দিচ্ছে মোদী সরকার। জোর দিচ্ছে ছোট শিল্প ও নতুন উদ্যোগ (স্টার্ট-আপ) সংস্থাগুলির উপরে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৭:৪৬

—প্রতীকী চিত্র।

ব্যবসার পরিবেশ সহজ করতে ই-কমার্স ও কুরিয়ারের মাধ্যমে আমদানি-রফতানির ক্ষেত্রে একগুচ্ছ সংস্কার আনল কেন্দ্র। পরোক্ষ কর পর্ষদ জানিয়েছে, বুধবার থেকে চালু হতে চলা নতুন অর্থবর্ষ (২০২৬-২৭) থেকে উঠে যাচ্ছে কুরিয়রের মাধ্যমে একলপ্তে রফতানিতে পণ্যের মূল্যের ঊর্ধ্বসীমা। এখন তা ১০ লক্ষ টাকা। বাজেটে এই প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি, ক্রেতার ফেরত দেওয়া ও নিতে না চাওয়া পণ্য বিক্রেতাদের কাছে ফেরানোর ব্যবস্থা সরল করতে তার নতুন কাঠামোও আনা হয়েছে। তৈরি করা হয়েছে বরাত বাতিলের ক্ষেত্রে পণ্য ফেরতের আইনি কাঠামো। নতুন ব্যবস্থায় ছোট আমদানি-রফতানিকারী এবং ই-কমার্স সংস্থাগুলি উপকৃত হবে বলে ধারণা।

পরোক্ষ কর পর্ষদের দাবি, ভারতের পণ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার বার্তা দিচ্ছে মোদী সরকার। জোর দিচ্ছে ছোট শিল্প ও নতুন উদ্যোগ (স্টার্ট-আপ) সংস্থাগুলির উপরে। কিন্তু সে ক্ষেত্রে পণ্য পরিবহণ বা সরবরাহের সমস্যা বড় বাধা। তা দূর করতে দেরি হওয়া এবং আমদানি করা পণ্য ফেরতের নিয়মও সরল করা হয়েছে।

আরও পড়ুন