—প্রতিনিধিত্বমূলক ছবি।
বাজার খুলতেই প্রায় দেড় হাজার পতন, শেষে সামান্য উত্থান। মধ্যের সময়টাতে দিনের সর্বনিম্ন অবস্থান (৭১,৫৪৫.৮১) থেকে ২০০০ পয়েন্ট লাফিয়ে হারানো জমি উদ্ধার— এই ছিল বৃহস্পতিবার শেয়ার বাজারের দিনলিপি। দিনের শেষে সূচকের থিতু হওয়ার নিরিখে দেখলে সেনসেক্স উঠেছে অতি অল্প। বুধবারের তুলনায় মাত্র ১৮৫.২৩ পয়েন্ট (০.২৫%)। থেমেছে ৭৩,৩১৯.৫৫ অঙ্কে। এক সময় অবশ্য সেটি ৭৩,৫৬৮.৫৪-তে উঠেছিল। ৩৩.৭০ উঠে নিফ্টি শেষ হয়েছে ২২,৭১৩.১০-এ। সংশ্লিষ্ট মহলের মতে, শেয়ার বাজারে অনিশ্চয়তার প্রমাণ এত বেশি উত্থান-পতন। সূচক দোলাচলে রয়েছে।
বাজার বিশেষজ্ঞ আশিস নন্দীর মতে, ‘‘ভূ-রাজনৈতিক উত্তেজনা চরম পর্যায় রয়েছে। আপাতত অশান্তি শেষ হওয়ার কোনও চিহ্ন নেই। আমেরিকার দাবি হরমুজ় প্রণালী খুলে দিলে যুদ্ধ থামানো হতে পারে। তবে ইরান এই বিষয় এখনও সহমত প্রকাশ করেনি। এই প্রেক্ষিতে যুদ্ধ থামার বিষয়টি এখনও অনিশ্চিত। এই কারণেই বাজার এত টালমাটাল পরিস্থিতিতে রয়েছে।’’ তিনি আরও জানান, লগ্নিকারীরা পড়তি বাজারে শেয়ার কিনছেন। আবার দাম একটু উঠলেই বিক্রি করে দিচ্ছেন। ধরে রাখতে সাহস পাচ্ছেন না।
অন্য দিকে, ডলারের আগাম লেনদেনের বাজারে ব্যাঙ্কগুলির বিনিয়োগ নিয়ন্ত্রণ করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। এই পদক্ষেপের পরে টাকার দাম বাড়ে। তাতেও বিনিয়োগকারীদের আস্থা কিছুটা বেড়েছে। এ দিন ডলার ১৫২ পয়সা পড়ে গিয়ে হয়েছে ৯৩.১৮ টাকা। বহু বছরের মধ্যে টাকা এক দিনে এতটা চাঙ্গা হয়নি।