Mass lay off in Oracle

দেশে কাজ হারালেন ১২ হাজার কর্মী, বিশ্ব জুড়ে ৩০ হাজার! অর্থবর্ষ শুরু হতেই বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থায় গণছাঁটাই

নতুন অর্থবর্ষে দুঃসংবাদ বয়ে আনল ভোরের ইমেল। ৩০ হাজার কর্মী ছাঁটাই করল মার্কিন টেক জায়ান্ট। বিশ্বব্যাপী ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন এ দেশের ১২ হাজার কর্মী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১০:৩৮

—প্রতীকী ছবি।

আবার ছাঁটাইয়ের খাঁড়া নেমে এল বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের উপর। ভোর ছ’টার একটি ইমেল। তাতেই এক লপ্তে কাজ হারালেন ওরাকলের ৩০ হাজার কর্মী। নতুন অর্থবর্ষের প্রথম দিনেই দুঃসংবাদ বয়ে আনল ইমেল। বিশ্বব্যাপী ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন এ দেশের ১২ হাজার কর্মী। যদিও মার্কিন টেক জায়ান্টটি আনুষ্ঠানিক ভাবে গণছাঁটাই সম্পর্কে কোনও বিবৃতি দেয়নি। রেডিট এবং এক্স-এর মতো সমাজমাধ্যমে এই নিয়ে আলোচনা শুরু হতেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। ছাঁটাইয়ের কারণ হিসাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) দায়ী করেছেন সংস্থার কর্মীরা।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে, কয়েক সপ্তাহ ধরেই কাজ হারানো নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছিল ওরাকলে। ভোর ৫টা-৬টার মধ্যে মেল পেয়েছেন বলে জানিয়েছেন কর্মীরা। কর্মীদের জানানো হয়েছে যে তাঁরা যে পদগুলিতে ছিলেন সেগুলি আর থাকছে না। ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ভারতে। কাজ হারানো কর্মীদের প্রায় অর্ধেক এ দেশের। প্রতিবেদনে বলা হয়েছে, মোট কর্মী সংখ্যার প্রায় ১৮ শতাংশ ছেঁটে ফেলেছেন ওরাকল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, একটি অভ্যন্তরীণ বিজ্ঞপ্তিতে ওরাকল জানিয়েছে যে, কর্মীদের প্রাতিষ্ঠানিক পরিবর্তন সম্পর্কে আগেই জানানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা পরিকাঠামো এবং ডেটা সেন্টারে বিনিয়োগের কারণে খরচ কমাতে সংস্থার বেশ কিছু পদ লুপ্ত হতে চলেছে। বহু কর্মীর অভিযোগ, এ বিষয়ে আগে থেকে মানবসম্পদ বিভাগের সঙ্গে কোনও আলোচনা বা ম্যানেজারের থেকে কোনও আভাস পাওয়া যায়নি। জানা গিয়েছে, চাকরি যাওয়ার ইমেলগুলি সরাসরি ‘ওরাকল লিডারশিপ’-এর পক্ষ থেকে এসেছিল।

বরখাস্ত হওয়া কর্মীদের একটি বিশেষ প্যাকেজ দিচ্ছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। এর মধ্যে রয়েছে প্রতি বছর চাকরির জন্য ১৫ দিনের বেতন, এক মাসের নোটিস পে, ছুটির পরিবর্তে নগদ অর্থ, যোগ্যতা অনুযায়ী গ্র্যাচুইটি এবং দুই মাসের বেতন। তবে কেবল যাঁরা স্বেচ্ছায় পদত্যাগ করবেন তাঁরাই এই প্যাকেজটি পাবেন। সূত্রগুলি ইঙ্গিত দিয়েছে যে, এক মাসের মধ্যে আরও এক দফা কর্মী ছাঁটাই হতে পারে। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।

সদ্য চাকরি হারানো বেশ কয়েক জন কর্মীও এই ছাঁটাইয়ের আকস্মিকতা বর্ণনা করে রেডিটে পোস্ট করেছেন। এক রেডিট ব্যবহারকারী লিখেছেন, “২০ বছরেরও বেশি চাকরির পর ভোর ৫টায় ইমেল পেলাম, বাহ্!” অন্য এক জন লিখেছেন, “আমাকেও ছাঁটাই করা হয়েছে। ঠিক ভোর ৬টায়, আগামী মাসেই চার বছর পূর্ণ হওয়ার কথা ছিল।”

Advertisement
আরও পড়ুন