—প্রতীকী ছবি।
অনাবাসী ভারতীয়দের থেকে সম্পত্তি কেনায় কমল জটিলতা। রবিবার, ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা বাজেটে সে কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সংশ্লিষ্ট সম্পত্তিগুলি লেনদেনে আগামী দিনে একটি ‘একক নিয়ন্ত্রণ’ (সিঙ্গেল রেগুলেটরি) ব্যবস্থা চালু করবে সরকার। শুধু তা-ই নয়, এতে প্যান-ভিত্তিক চালানের মাধ্যমে টিডিএস (ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স) জমার সুবিধা ক্রেতাদের দেওয়া হবে বলে বলেও জানিয়েছেন তিনি।
এ দিনের বাজেটে অবশ্য অনাবাসী ভারতীয়দের থেকে সম্পত্তি ক্রয়ে প্যান-ভিত্তিক চালানে টিডিএস বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেন নির্মলা। সংশ্লিষ্ট করের মাত্রা এক শতাংশ ধার্য করেছেন তিনি। এত দিন পর্যন্ত এই ধরনের ক্ষেত্রে টিডিএস জমার জন্য ট্যাক্স ডিডাকশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নম্বর (ট্যান) সংগ্রহ করতে হত। যাবতীয় স্থাবর সম্পত্তির লেনদেনের সময় এর মাধ্যমে টিডিএস জমা করতেন ক্রেতারা।
আর্থিক বিশ্লেষকদের দাবি, নির্মলার এই সিদ্ধান্তে খুব সহজে অনাবাসী ভারতীয়দের থেকে স্থাবর সম্পত্তি কিনতে পাড়বেন এ দেশের বাসিন্দারা। কারণ, এত দিন পর্যন্ত ট্যান সংগ্রহ করতে রীতিমতো কালঘাম ছুটে যেত তাঁদের। অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট নম্বরটি পেত কোনও না কোনও কর্পোরেট সংস্থা। তা ছাড়া ট্যান হাতে পাওয়ার পর টিডিএস দাখিল করার জুটঝামেলাও নেহাত কম ছিল না। এর মাধ্যমেই কর জমা করতে হত তাঁদের। দিতে হত টিডিএস রিটার্ন। আর তাই ট্যানের ব্যাপারে কর বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া একটা রেওয়াজে পরিণত হয়েছিল।
তবে এই সুবিধা কেবলমাত্র প্যান-ভিত্তিক চালানের ক্ষেত্রেই মিলবে। অর্থাৎ প্যান থাকলে তবেই অনাবাসী ভারতীয়দের স্থাবর সম্পত্তি বিক্রিতে এক শতাংশ টিডিএস ধার্য হবে। প্যান না থাকলে করের মাত্রা বেড়ে দাঁড়াবে ২০ শতাংশ। নতুন নিয়মে ট্যান ছাড়াই এ দেশের বাসিন্দারা টিডিএস জমা করতে পারবেন। আলাদা করে টিডিএস রিটার্ন দাখিল করতে হবে না। আয়কর রিটার্ন জমা করার সময়ে সম্পত্তি লেনদেনের বিষয়টি তুলে ধরলেই হবে।
এর পাশাপাশি যে সমস্ত ভারতীয়ের ২০ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের বিদেশি সম্পত্তি আছে এবং তাঁরা সেটা আয়কর রিটার্নে উল্লেখ করেননি, বাজেটে তাঁদেরও কিছুটা স্বস্তি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এত দিন এই ধরনের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করত সরকার। সেই ধরনের মামলা থেকে তাঁদের অব্যাহতি দিয়েছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা। ২০২৪ সালের ১ অক্টোবর থেকে হওয়া মামলাগুলির ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে বলে বাজেটে ঘোষণা করেছেন তিনি।