—প্রতিনিধিত্বমূলক ছবি।
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) গোটা দেশে সামগ্রিক ভাবে আবাসনের বিক্রি কমলেও, কলকাতায় বেড়েছে। বিশেষজ্ঞ সংস্থা অ্যানারকের সমীক্ষা বলছে, দেশের প্রথম সারির সাত শহরের পরিসংখ্যানে এটাও স্পষ্ট, বিক্রি বৃদ্ধির নিরিখে শীর্ষে কলকাতাই। তার হার ১০%। দিল্লি, মুম্বই, চেন্নাইয়ে বরং বিক্রি কমেছে বেশ খানিকটা।
তথ্যে প্রকাশ, এপ্রিল-জুনে দেশের সাতটি শহরে মোট আবাসন বিক্রি ৬% কমে হয়েছে ৯০,৭১৫ এবং গড় দাম ৭% বেড়েছে। এর প্রধান কারণ পশ্চিম এশিয়ার অশান্তি। তবে তার পরেও সারা দেশের উল্টো পথে হেঁটে কলকাতায় চাহিদার এতটা বৃদ্ধি তাৎপর্যপূর্ণ, দাবি সংশ্লিষ্ট মহলে। এক নির্মাণ সংস্থার কর্ণধারের মতে, দেশের প্রথম সারির শহরগুলির মধ্যে কলকাতায় সবচেয়ে কম আবাসন বিক্রি হয়। অর্থাৎ ‘বেস ফিগার’ অনেক কম। ১০% বেড়েও বিক্রির সংখ্যা কিন্তু ৩৮৬০টি। তাই বৃদ্ধির হার এতটা বেশি। মুম্বইতে আবাসন বিক্রি ৮% কমলেও, তার সংখ্যা ২৮,৭১০। অবশ্য সারা দেশে বিক্রি কমার আবহে কলকাতার বৃদ্ধি ইতিবাচক। অ্যানারকের বিশ্লেষণ, কলকাতায় বিক্রি হওয়াগুলির বড় অংশ কম দামি বা মধ্যবিত্তের সাধ্যের আবাসন। যা মোট আবাসনের প্রায় ৪৫%।এ ক্ষেত্রেও অন্যান্য শহরকেছাপিয়েছে কলকাতা।
সমীক্ষা অনুযায়ী, বিক্রি সবচেয়ে বেশি কমেছে পুণেতে, ১৫%। দিল্লি ও মুম্বইতে কমেছে যথাক্রমে ৮ এবং ৯ শতাংশ। তবে বেঙ্গালুরু এবং হায়দরাবাদে বেড়েছে যথাক্রমে ১% এবং ২%।