Viral Video

‘নোটেড’! অটোচালকের কর্পোরেটসুলভ উত্তরে হকচকিয়ে গেলেন তরুণী, মরমে মরলেন ভাড়া না দিতে পেরে

সম্প্রতি এক অটোচালকের সঙ্গে কথোপকথনের সময় অন্য রকম এক অভিজ্ঞতা লাভ করেন এক তরুণী। ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি থেকে জানা গিয়েছে, তরুণীকে একেবারে ‘অফিশিয়াল মেল’ লেখার ভঙ্গিতে নির্ভুল ইংরেজিতে উত্তর দেন ওই অটোচালক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৭:৫৯

ছবি: এআই সহায়তায় তৈরি।

অনেক সময়ই আমরা কোনও মানুষকে তাঁর পোশাক বা কাজের ভিত্তিতে বিচার করে ফেলি। তাঁরাও যে কথাবার্তা, আচার-আচরণে মার্জিত হতে পারেন, সে বিষয়টি চট করে মেনে নিতে অসুবিধা হয় অনেকেরই। কিন্তু কখনও-সখনও সে সব ধারণা একেবারে বদলে যায়। সম্প্রতি সমাজমাধ্যমে এমনই ঘটনা ভাগ করে নিয়েছেন এক তরুণী। এক অটোচালকের সঙ্গে কথোপকথনের সময় অন্য রকম এক অভিজ্ঞতা লাভ করেন তিনি।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োটিতে দেখা গিয়েছে, এক তরুণী বসে কথা বলছেন। তিনি জানান, একদিন অটোয় করে অফিস পৌঁছে তিনি দেখেন যে তাঁর অনলাইন পেমেন্টটি ব্যর্থ হয়েছে। সে কথা তিনি হিন্দিতে লিখে জানান ওই অটোচালককে। তাঁর জবাব যে ভাবে আসে, তা দেখে একেবারে চমকে যান ওই তরুণী। একেবারে ‘অফিশিয়াল মেল’ লেখার ভঙ্গিতে নির্ভুল ইংরেজিতে ওই অটোচালক লেখেন, “আপনি যদি অটোতে ফেরার পরিকল্পনা করে থাকেন, তাহলে ফেরার পথে আমি আপনাকে নামিয়ে দিয়ে যেতে পারি, ঠিক আছে? সম্ভব হলে, আপনি তখন আমাকে নগদে টাকাটা দিয়ে দিতে পারেন। এতে আপনার কোনও অসুবিধা হবে না তো? অথবা আমি যেখানে আপনাকে নামিয়ে দিয়েছিলাম সেখানে আসতে পারি এবং আপনার কাছে নগদ টাকা থাকলে, আমি সেখান থেকেই তা নিয়ে নেব।”

মেসেজের ভাষা দেখে একেবারে চমকে যান ওই তরুণী। তখন তিনি লেখেন, “সন্ধ্যা ৬টায় আসবেন।” প্রত্যুত্তরে অটোচালক আবার ইংরেজিতে লেখেন, “নোটেড।” ভিডিয়োটির শেষে ওই তরুণী জানান, তাঁর সহকর্মীদের অর্ধেক অংশের চেয়ে অটোচালক বার্তালাপ চালানোয় বেশি দক্ষ। তরুণীর কথার ভঙ্গিতে স্পষ্ট, তিনি যেমন বিষয়টিতে অবাক হয়েছেন, একই সঙ্গে অটোচালকের প্রশংসাও করেছেন তিনি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ইনস্টাগ্রামের ‘শেট্টিনিষ্ঠা’ নামের হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি প্রায় এক লক্ষ ৪০ হাজারের বেশি বার দেখা হয়েছে। বহু মানুষ সেটি শেয়ার করেছেন। ৫০০-রও বেশি মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। ওই তরুণীর পাশাপাশি অটোচালকের প্রশংসা করেছেন নেটাগরিকেরাও। এক ব্যক্তির মতে, অটোচালক নিশ্চয়ই কোনও তথ্যপ্রযুক্তি কর্মী, অবসর সময়ে এই কাজ করেন। আবার কারও মতে, কোনও অটোচালকের এমন প্রত্যুত্তরে এত অবাক হওয়ারই বা কী আছে! মানুষকে কখনওই তাঁর কাজ দিয়ে বিচার করা উচিত নয়।

Advertisement
আরও পড়ুন