Reserve Bank Of India

আর্থিক লেনদেনে বিশেষ কোড নম্বর চালু করল রিজ়ার্ভ ব্যাঙ্ক

আরবিআই জানিয়েছে, এর মধ্যে সরকারি ঋণপত্র, কল-মানির মতো অতি স্বল্প মেয়াদের (এক দিন থেকে এক বছর) ঋণপত্র, বিদেশি মুদ্রা এবং ডেরিভেটিভে লেনদেনের সময়ে ২০ সংখ্যার এলইআই ব্যবহার করতে হবে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ০৭:৩১

—প্রতীকী চিত্র।

আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ কোড নম্বর ব্যবহার বাধ্যতামূলক করল রিজ়ার্ভ ব্যাঙ্ক। তবে তা প্রযোজ্য হবে শুধুমাত্র সংস্থাগুলির জন্য। শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে মোট দু’টি কোড চালু করা হয়েছে। সেগুলি হল ‘লিগাল এন্টিটি আইডেন্টিফায়ার’ (এলইআই) এবং ‘ইউনিক ট্রানজ়াকশন আইডেন্টিফায়ার’ (ইউটিআই)। লেনদেনে স্বচ্ছতা আনা ও কাদের মধ্যে লেনদেন হচ্ছে, সেটা জানা ছাড়াও তার প্রতিটি ধাপ যাতে চিহ্নিত করা যায়, সে জন্যই এই পদক্ষেপ।

আরবিআই জানিয়েছে, এর মধ্যে সরকারি ঋণপত্র, কল-মানির মতো অতি স্বল্প মেয়াদের (এক দিন থেকে এক বছর) ঋণপত্র, বিদেশি মুদ্রা এবং ডেরিভেটিভে লেনদেনের সময়ে ২০ সংখ্যার এলইআই ব্যবহার করতে হবে। তবে ডেরিভেটিভ নয় এমন বিদেশি মুদ্রায় লেনদেনের অঙ্ক কমপক্ষে ১০ লক্ষ ডলারের সমমূল্যের টাকা বা অন্য দেশের মুদ্রা হতে হবে।

অন্য দিকে, নির্দিষ্ট নির্দেশিকা মেনে ৫২ সংখ্যার ইউটিআই তৈরি করতে হবে লেনদেনকারীদের। সে জন্য এলইআই-এর ২০টি সংখ্যার সঙ্গে যোগ হবে আরও ৩২টি সংখ্যা। এই নম্বর ব্যবহার করতে হবে শুধুমাত্র ডেরিভেটিভ লেনদেনে।


আরও পড়ুন